দীর্ঘ ছুটিতে ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য ছুটি চাইলেন একজন কর্মকর্তা

১৭৭ পঠিত ... ১৭:২৭, মার্চ ২৮, ২০২৬

ঈদ উল ফিতরের সাত দিনের ছুটি, মাঝের দু'দিন কর্মদিবসের সাধারণ ছুটি, পরের আরও তিন দিনের ছুটি কাটিয়ে ক্লান্ত হয়ে গিয়েছেন এক কর্মকর্তা। তাই বিশ্রাম চেয়ে ম্যানেজারের কাছে আরও এক দিনের ছুটি চেয়েছেন তিনি। তাঁর ভাষ্যমতে যেকোনো টানা কাজ ক্লান্তি বয়ে আনে। ছুটি নেয়ার মত একটা কঠিন কাজকে তিনি যেভাবে ‘নরমালাইজ’ করে ফেলেছেন, বরং বলা যায় একরকম উদযাপন করেছেন; ধারাবাহিকতা ধরে রেখেছেন, আর দশটা মানুষের মত একঘেয়ে এক‌ই কাজ করায় তাই তার‌ও আজ মন শ্রান্ত। শতকিছু হলেও তিনিও তো মানুষ নাকি!

কর্মকর্তা আপন মনে বলেন, সেই ১৭ তারিখ থেকে শুরু…একটা দিনের জন্যও কাজ করিনি। শুয়ে-বসে-উঠে-বসে আবার শুয়েছি। বাসায় বলেছে, ‘একটু কাজ করো, অন্তত বাজারে যাও। বস ইমেইল পাঠিয়ে বলেছেন,এই ডেটা গুলো কমপ্লিট করো। আমি নাছোড়বান্দা; একদম পাত্তা দেইনি। ছুটি কাটানোর ব্যাপারে আমার সততা নিয়ে পরবর্তীতে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ আমি দেইনি।
অফিসে যদি কোনো সৎ ব্যক্তি থেকে থাকে তবে সবার আগে আমার নাম চলে আসবে। কিন্তু টানা ছুটিতে আমার মস্তিষ্কে বিরূপ প্রভাব পড়েছে। প্রয়োজন আরও নিবিড় বিশ্রাম। কিন্তু একজন সৎ ও সচেতন নাগরিক হিসেবে আজকের ছুটি পেলে আমি পুরোপুরি ছুটি আক্ষরিক অর্থেই উদযাপন করবো; কেউ ফোনে কিংবা ইমেইলে আমাকে পাবেন না।

আমাদের প্রতিনিধি ওনার বসকে ফোন দিলে তিনি জানান, এই ছুটির ইমেইল পাওয়ার আগেই আমি এমডিকে বলে ছুটি নিয়েছি। আমাকে আর ফোন করবেন না।

১৭৭ পঠিত ... ১৭:২৭, মার্চ ২৮, ২০২৬

Top