রমজান মাসে বন্দী থাকে শয়তান, মুক্তি পায় রমজান মাস শেষে। বিষয়টি নিয়ে শয়তান সমাজে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও গভীর আক্ষেপ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন কারাগারে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা।
কারাগারের ভেতর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কী কম শয়তান নাকি? এই দেশে তো অনেক শয়তানই আমাদের ‘স্যার’ ডাকে। অথচ দেখেন, রমজান শেষে শয়তানদের মুক্তি দেওয়া হয়, আর আমরা এখনো রিমান্ড আর জেলখানার ভেতর ঘুরে বেড়াই। এ কেমন বিচার?
তিনি আরও বলেন, রমজান শুরু হওয়ার পর থেকেই আমরা আশা করছিলাম, অন্তত কিছুদিনের জন্য শিকল আলগা করা হবে। কিন্তু মাস শেষ হয়ে গেল। শয়তানরা মুক্তি পেল, আমরা পেলাম না। সত্যি বলতে কী, আগেই ভালো ছিলাম।
অন্যদিকে শয়তান সমাজের পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একটি অনানুষ্ঠানিক সূত্র জানায়, তারা বিষয়টি নিয়ে বিব্রত। কারণ তাদের মতে, মানুষের রাজনীতির সঙ্গে প্রতিযোগিতা করা তাদের পক্ষেও কঠিন হয়ে যাচ্ছে।
তবে নিজের ফেক আইডি থেকে ভিডিও কলে মুখ লুকিয়ে এক শয়তান আমাদের বলেন, উনাদের নিজেদের নেতাই মুক্ত হয়ে দিল্লিতে ঘোরাফেরা করছেন, আর উনারা আমাদের নিয়ে হিংসা করেন। হিংসা তো করা উচিত উনাদের নিজেদের মানবতার আম্মো’র প্রতি।
এদিকে সংশ্লিষ্ট এক কারারক্ষী জানান, বিষয়টি নিয়ে জেলখানার ভেতরে এখন প্রায় প্রতিদিনই আলোচনা চলছে। তিনি বলেন,রমজান শুরু হওয়ার পর থেকে কয়েকজন নেতা নিয়মিতই জিজ্ঞেস করছেন, রমজান মাস শেষে যদি শয়তানদের ছেড়ে দেওয়া হয়ে থাকে, তাহলে আমাদের ফাইলটাও একটু দেখে দেওয়া যায় কি না।


