গতবছরের মতো এবারও কাস্টমার মেরে আলোচনায় স্টার কাবাব। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা চললেও এতে এক অভিনব ব্যবসায়িক সম্ভাবনা খুঁজে পেয়েছেন দেশের ইন্স্যুরেন্স ব্যবসায়ীরা। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা বাজারে নিয়ে এসেছেন নতুন সেবা ‘স্টার ইন্স্যুরেন্স’। স্টার ইন্স্যুরেন্সের এক মুখপাত্র বলেন, অনেকে ভাবেন রেস্টুরেন্টে গেলে শুধু খাবার খেতে হয়। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে বিষয়টি ভিন্ন—এখানে আপনি মাইরসহ ফুল প্যাকেজই পাবেন। তাই আমরা ভাবলাম, এই অভিজ্ঞতার আর্থিক সুরক্ষাটাও নিশ্চিত করা উচিত।”
জানা গেছে, এই ইন্স্যুরেন্সে দুটি প্রধান ক্যাটাগরি রাখা হয়েছে—বেসিক এবং প্রিমিয়াম। বেসিক প্যাকেজে থাকছে সাধারণ ধাক্কাধাক্কি, চড়-থাপ্পড়, চেয়ার-টেবিলের হালকা স্পর্শে আহত হওয়ার মতো ঘটনার কাভারেজ। তবে যারা একটু অ্যাডভেঞ্চারপ্রিয়, তাদের জন্য আছে প্রিমিয়াম প্যাকেজ। এতে আইসিইউ পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা, মাল্টিপল ব্যান্ডেজ, এবং আত্মীয়স্বজনের “খেতে গিয়ে এমন হলো কিভাবে?” টাইপ প্রশ্নের মানসিক ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
স্টারের নিয়মিত কাস্টমারদের জন্য থাকছে বিশেষ ডিসকাউন্ট। গত ছয় মাসে অন্তত বিশ-তিরিশবার স্টারে খেয়ে থাকলে মিলবে অতিরিক্ত ২০% প্রিমিয়াম ছাড়। এ বিষয়ে এক নিয়মিত কাস্টমার বলেন, আগে স্টারে খেতে যাওয়ার আগে শুধু পকেটে টাকা আছে কি না দেখতাম। এখন দেখি ইন্স্যুরেন্স কার্ড আছে কি না।
এদিকে ভবিষ্যতে ‘স্টার ইন্স্যুরেন্স’ আরও কিছু অ্যাড-অন সুবিধা চালু করার কথাও জানিয়েছে। এর মধ্যে রয়েছে গ্রুপ মারধর কাভারেজ, বন্ধুদের সামনে সম্মানহানি প্রোটেকশন, এবং লাইভ ফেসবুক ভিডিও হলে ভাইরালিটি বোনাস। ইন্স্যুরেন্স কোম্পানির দাবি, দেশের রেস্টুরেন্ট সংস্কৃতিতে এটি এক নতুন দিগন্ত খুলে দেবে। আর কাস্টমারদের উদ্দেশ্যে তাদের একটাই বার্তা—স্টারে যান নিশ্চিন্তে, মাইর খেলে আমরা আছি।


