বিভিন্ন পেজের ইনবক্সে জিনিসপত্রের দাম জিজ্ঞেস করে না কেনা মানুষদের এক্সপোজ করবে এফ কমার্স ব্যবসায়ীরা

১২ পঠিত ... ২ ঘন্টা ৪৬ মিনিট আগে

আসন্ন ঈদকে সামনে রেখে ফেসবুকের ইনবক্স এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। তবে এই যুদ্ধ তলোয়ারের নয়, বরং প্রাইস প্লিজ বনাম সাইলেন্ট ট্রিটমেন্টের। শত শত ড্রেসের স্ক্রিনশট পাঠিয়ে দাম জিজ্ঞেস করার পর হঠাৎ উধাও হয়ে যাওয়া ক্রেতাদের শায়েস্তা করতে এবার কোমর বেঁধে নামছেন অনলাইন ব্যবসায়ীরা। তাদের সাফ কথা, দাম শুনে যারা আর রিপ্লাই দেন না, তাদের এবার জনসমক্ষে এক্সপোজ করা হবে।

ব্যবসায়ীদের একটি গোপন গুপ্ত সংগঠন জানিয়েছে, ইনবক্সে দাম জানতে চাওয়া ১০০ জনের মধ্যে ৯৯ জনই দাম শোনার পর এমনভাবে গায়েব হয়ে যান, যেন তারা কেবল হিমালয়ের কোনো গুহায় ধ্যানে বসতে গিয়েছেন।

একজন হতাশ বিক্রেতা চোখের জল মুছে বলেন, রাত দুটোর সময় ইনবক্সে নোটিফিকেশন আসে, আপু এই থ্রি-পিসটার দাম কত? আমি ঘুম থেকে উঠে যখন জানাই ২৫০০ টাকা, ঠিক তখনই ওপাশ থেকে নীল টিক (Seen) পড়ে যায়। কিন্তু এরপর আর কোনো কথা নেই। আমি কি তাকে কোনো ভূতের গল্প শুনিয়েছিলাম যে সে ভয়ে কথা বলা বন্ধ করে দিল? নাকি সে বোবা?

অন্য একজন ব্যবসায়ী জানান, আমাদের ডাটাবেজ অনুযায়ী গত সাত দিনে ইনবক্সে দাম জিজ্ঞেস করা ৪৫০ জনের মধ্যে ৪৪৯ জনই এখন নিখোঁজ। আমরা ডিজিটাল পোস্টার বানাচ্ছি, যেখানে তাদের প্রোফাইল পিকচার দিয়ে লেখা থাকবে, ইনি দাম জিজ্ঞেস করিয়া ব্যবসায়ীর মনে আশা জাগাইয়াছিলেন, অতঃপর পলায়ন করিয়াছেন।

ব্যবসায়ীরা বেশ কিছু সৃজনশীল উপায়ে এই দাম জিজ্ঞেসকারী পলাতক ব্যক্তিদের ধরার পরিকল্পনা করেছেন। তার মধ্যে কিছু পদ্ধতি হলো, যে ক্রেতা দাম শুনে রিপ্লাই দেন না, তার ওয়ালে গিয়ে ব্যবসায়ী কমেন্ট করবেন, আপনার জন্য আমাদের ইনবক্সে ২৫০০ টাকার একটি থ্রি-পিস ও একরাশ বিরহ অপেক্ষা করছে। ফিরে আসুন।

এছাড়াও যারা শুধু দাম জিজ্ঞেস করেন কিন্তু কেনেন না, তাদের নিয়ে একটি জাতীয় ইনবক্স চ্যাট লাভার্স গ্রুপ খোলা হবে, যেখানে তারা একে অপরের সাথে কেবল ড্রেসের স্ক্রিনশট বিনিময় করবেন। প্রতি শুক্রবার লাইভ সেশনে এসে বিক্রেতারা ওইসব আইডির নাম ধরে ধরে ডাকবেন, যারা গত এক সপ্তাহে সিন করে মেসেজ আনসিন করে রেখেছেন।

এদিকে জনৈক অভিজ্ঞ ক্রেতা জানান, দাম জিজ্ঞেস করা তো আমাদের মৌলিক অধিকার। দাম শুনে শকড হয়ে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে আমরা রিপ্লাই দেওয়া বন্ধ করি। এটাকে আপনারা উধাও বলছেন কেন?

তবে ব্যবসায়ীরা অনড়। তারা বলছেন, এই ঈদ মৌসুমে যদি ইনবক্সে শুধু ওকে বা থ্যাঙ্ক ইউ বলার সৌজন্যতাও কেউ না দেখায়, তবে তাদের প্রোফাইল লিংক সরাসরি নিখোঁজ সংবাদ হিসেবে বুস্ট করে দেওয়া হবে।

১২ পঠিত ... ২ ঘন্টা ৪৬ মিনিট আগে

Top