গত ২৬ ফেব্রুয়ারি শুরু হয়েছে একুশের বইমেলা। নানা বাঁধা-বিপত্তি, কবে হবে বা হবে না—এসব তর্ক-বিতর্ক শেষ করে শুরু হয়েই গেছে বইমেলা। কিন্তু রোজার সময় হওয়াতে বইমেলায় মানুষের আনাগোনা খুবই কম দেখা যাচ্ছে। এরকম শূন্যপ্রায় বইমেলা বহু দিন দেখেননি লেখক-প্রকাশকরা। ফলে হতাশায় পড়ে যাচ্ছেন তারা।
এই সমস্যা থেকে উদ্ধার পাওয়ার পরামর্শের জন্য আমরা প্ল্যানচেট করে ডেকে এনেছিলাম কবিগুরু রবীন্দ্রনাথকে। তিনি এসেই আমাদেরকে বললেন, বৎস! সমস্যা কী তোমাদের? আমরা বইমেলার করুণ অবস্থার কথা জানালাম। তিনি অত্যন্ত ব্যথিত গলায় বললেন, আরে তোমরা এ যুগের ছেলেমেয়ে, এত ছোটো সমস্যার সমাধান করিতে পারিতেছ না? বইমেলায় কয়েকটা জামাকাপড়ের দোকান দিয়ে দাও। দেখিবে, ভিড় ঠেলিয়া ফেলিতে পারিবে না! তার এই পরামর্শে আমাদের চোখে পানি চলে আসে। আসলেই তো, ঈদের মৌসুম, এখন বই কেনার চেয়ে জামা কেনার আগ্রহ বেশি থাকবে ক্রেতাদের!
কবিগুরু এরপর আরও বলেন, পারিলে সঙ্গে গুটিকতক গহনার দোকান সাজাইয়া দিও। নারীরা গহনা বেশ পছন্দ করে। তাছাড়া তাহাদের বয়ফ্রেন্ডরা ভিডিও কলে তাদেরকে দেখাইয়া গয়না কিনিয়া দিতেও আনন্দবোধ করে। এটি দ্বারা দারুণ সব রিলস নেটে দিয়া আবার অনেকে কিছু পয়সা ইনকাম করিয়া নিতে পারে! যাই হোক, এখন আমাকে যাইতে হইবে। নেটফ্লিক্সের সিরিজ দেখিবার সময় চলিয়া যাইতেছে! বলেই কবিগুরু আমাদের থেকে বিদায় নেন। আমরাও যুগান্তকারী এই আইডিয়াগুলো পেয়েও শেয়ার করতে আসলাম বইমেলার সংশ্লিষ্ট সকলের সাথে। খাঁ খাঁ বইমেলা দ্রুতই জনারণ্যে পরিপূর্ণ হয়ে ওঠুক এই কামনা রইল!


