দেশে আবিষ্কৃত হলো নতুন তেলের খনি, নাম দেওয়া হলো তামিম ইকবাল

১১৮ পঠিত ... ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে

দীর্ঘদিন ধরেই বাংলাদেশে গ্যাসের খনি আবিষ্কারের খবর মাঝেমধ্যে শোনা গেলেও তেলের খনির সম্ভাবনা নিয়ে বিশেষজ্ঞরা ছিলেন বেশ হতাশ। কিন্তু সব হতাশা দূর করে অবশেষে দেশে আবিষ্কৃত হয়েছে এক বিশাল তেলের খনি। খনিটির নাম দেওয়া হয়েছে তামিম ইকবাল। জ্বালানি মন্ত্রণালয়ের এক গোপন সূত্র জানিয়েছে, এই খনিতে কোনো ড্রিলিং মেশিন লাগে না। শুধু একটা মাইক হাতে দিলেই স্বয়ংক্রিয়ভাবে এতে তেল উৎপাদন শুরু হয়ে যায়। ইতোমধ্যে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক এই খনিকে রিনিউএবল এনার্জি সোর্স হিসেবে ঘোষণা দিয়েছেন।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীনদের প্রচুর তেল মারার কারণে অনেকে সাবেক এই ক্রিকেটারকে ‘মোবাইল তেল শোধনাগার’ বলেও আখ্যা দিয়েছেন। তবে সমালোচকদের এসব মন্তব্যে একটুও বিচলিত নন নব্য এই তেলের খনি। নিজের একটি ফেক অ্যাকাউন্ট থেকে তিনি বলেন, মানুষ খারাপ কথা বলবেই। সেগুলো গায়ে মাখলে চলবে না। গায়ে মাখতে হবে তেল। নিজের গায়েও মাখতে হবে, যারা ক্ষমতায় আছে তাদের গায়েও মাখতে হবে। তবেই না ভালো একটা পদ পাওয়া যায়।

এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, দেশের জ্বালানি সংকট মেটাতে শিগগিরই ‘তামিম ব্লক-১’ ও ‘তামিম ব্লক-২’ নামে দুটি নতুন প্রকল্প চালু করা হবে। যেখানে তরুণ রাজনৈতিক নেতাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে কীভাবে কম কথায় বেশি তেল দেওয়া যায়। অর্থনীতিবিদরাও আশাবাদী। তাদের মতে, যদি এই খনি সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায়, তাহলে দেশে আর বৈদেশিক মুদ্রা খরচ করে অপরিশোধিত তেল আমদানি করতে হবে না। বরং আমরা ‘এক্সপোর্ট কোয়ালিটি তেল’ বিদেশে পাঠাতে পারব। ইতোমধ্যে কয়েকটি প্রতিবেশী দেশ আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে ফ্যানরা দাবি জানিয়েছেন, তামিম ইকবালের আগের নিকনেম ‘ডটবাবা’ পাল্টে ‘তেলবাবা’ রাখা হোক। তবে পরিবেশবাদীরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত তেল ছড়ালে পিচ্ছিল হয়ে যেতে পারে রাজনৈতিক ময়দান। তখন কে কার ওপর পিছলে পড়বে, তা বলা মুশকিল।

১১৮ পঠিত ... ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে

Top