বইমেলা ও ঈদকে সামনে রেখে এবার ডাবল বোনাস চায় আপামর চাকরিজীবি সমাজ। নইলে আরেকটা গণঅভ্যুত্থানের ডাক দেওয়ার হুঁশিয়ারি

২৮ পঠিত ... ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে

২৫ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হতে যাচ্ছে, আর বইমেলা শেষ হবার কিছুদিন পরপরই ঈদ উল ফিতর। অনেক দিন পর এরকম দুইটি বড় উপলক্ষ একসাথে আসছে, আর ঠিক এই সময়ে এসে অফিস পাড়া থেকে সোশ্যাল মিডিয়া সব জায়গায়ায় চাকরিজীবীদের মধ্যে আলোচনা চলছে, কিভাবে এই দ্বিমুখী অর্থনৈতিক চাপ সামলানো যায়? যদি ডাবল বোনাস না পাওয়া যায় তাহলে নতুন করে আরেকটা গণঅভ্যুত্থানের গুঞ্জন ছড়াচ্ছে বাতাসে।

এই সময়ে বোনাস কেবল ঈদের জন্য নির্ধারিত হওয়ায়, প্রায় সবাই বলছেন যে বইমেলা এবং ঈদের শপিং একসাথে ম্যানেজ করা কঠিন হয়ে পড়বে। eআরকি সরেজমিনে কর্পোরেট পাড়ার বিভিন্ন অফিস ঘুরে এই বিষয়ে খোঁজ নেয়ার চেষ্টা করেছে। এর মধ্যে ক্রিয়েটিভ সেক্টরের এক ডিজাইনার জানিয়েছেন, বোনাস যদি শুধুমাত্র ঈদের জন্যই পাই, তাহলে বইমেলায় গিয়ে বই এর কাভার উলট পালট করে চলে আসতে হবে, বেশি হলে হয়ত এক কাপ কফি খেতে পারব উদ্যানের স্টল গুলো থেকে। আবার বোনাসের টাকায় বই কিনলে নিউমার্কেট থেকেও কাপড় কেনার কথাও চিন্তা করতে পারব না। এরকম দ্বিমুখী চাপ থেকে আমাদের বাঁচতে হলে ডাবল বোনাস ছাড়া অন্য কোনো অপশনই না।

অর্থনীতিবিদরা বলছেন, এক মাসে দুইটি বড় উৎসব একসাথে আসায় কর্মীদের আর্থিক চাপ স্বাভাবিকভাবেই বেড়ে যাবে। এই চাপ শুধু যে বই মেলা কিংবা ঈদের বানিজ্যে প্রভাব ফেলবে এমন না, এর প্রভাব সুদুরপ্রসারি। বই আত্মার খোড়াক আর ঈদ আত্মার প্রশান্তি। এসব জায়গায় যথাযথ মনযোগ না দিতে পারলে ভবিষ্যতে অর্থনীতির চাকা মুখ থুবড়েও পড়তে পারে বলে আশংকা আছে বলে জানিয়েছেন জাবির অর্থনীতি বিভাগের অধ্যাপক কালাম শেখ। ব্যাংক ও কর্পোরেট সেক্টরে কাজ করা আর এক বিশ্লেষক বলেন, চাকরিজীবীদের আর্থিক পরিকল্পনার সাথে মিলিয়ে বোনাস বিতরণ নীতি সমন্বয় করা গুরুত্বপূর্ণ। ডাবল বোনাস দিলে কর্মীরা উভয় উৎসবের সঠিকভাবে উপভোগ করতে পারবে।

এদিকে বই প্রেমিদের মাঝে হাল্কা হাল্কা করে দ্রোহের ফুলকি জমছে। তারা শুধু যে দেখেই যাবেন এমন নয়। একজন দুইজন করে নিজেদের ক্ষোভ গুলো জানান দিতে শুরু করেছেন। যদি ডাবল বোনাসের ঘোষণা না আসলে তাহলে এই টিএসসি, এই সোহরাওয়ার্দী উদ্যান, এই শাহবাগ থেকেই আসবে গনঅভ্যুত্থানের ডাক। সময়ের সাথে সাথে ধীরে ধীরে অফিস পাড়ার সবাই যদি ফুসে ওঠে তাহলে এই গনঅভ্যুত্থানে ভেসে যাবে সবকিছু। সকল সিস্টেম, সকল প্রশাসন, সকল আইনকানুন সবকিছু ভেঙ্গেচুড়ে গুড়া করে সেটা দিয়ে বাতাসা খাবার ঘোষণা এসেছে কিছু সমন্বয়কের ফেসবুক পোস্টে।

মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেললে যে তার পরিণাম ভাল হয় না সে ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে সবার একটাই দাবি, এবারের বোনাস হোক ডাবল বোনাস। যে বোনাস বই কিনলে কাপড় কিনতে দেয় না, যে বোনাস জুতা কিনলে কবিতা পড়তে দেয় না, যে বোনাস ইনসাফের না, যে বোনাস অর্থনৈতিক আজাদির না, সে বোনাস কেউ ই চায় না। জনগনের দাবি মানা না হলে এ বসন্তকেই আরেক গণঅভ্যুত্থানের বসন্ত বানিয়ে ফেলতে কেউ দ্বিধা বোধ করবে না।

২৮ পঠিত ... ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে

Top