জিনিসপত্রের দাম বাড়াইনি, নিজে নিজে বেড়ে গেছে। জানালেন ব্যবসায়ীরা

২৪ পঠিত ... ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে

রমজান এলেই দেশের বাজারে নিত্যপণ্যের দাম বাড়ে এটা এখন আর অর্থনীতির কোনো নিয়ম না, বরং একটি জাতীয় ঐতিহ্য। এ বছরও সেই ঐতিহ্য রক্ষায় কোনো কমতি রাখেননি নিত্যপণ্য ব্যবসায়ীদের সিন্ডিকেট। তবে এবার একটু ভিন্ন কৌশল অবলম্বন করেছেন তারা, দাম বাড়ানোর দায় নিজেরা না নিয়ে পুরো দোষটাই দিয়ে দিয়েছেন পণ্যের ওপর।

দাম বাড়া প্রসঙ্গে ব্যবসায়ীরা পলক-স্টাইলে সাংবাদিকদের জানিয়েছেন, আমরা কিছুই করিনি ভাই, জিনিসপত্রের দাম নিজে নিজেই বেড়ে গেছে। বাজারে ঢুকলেই ওদের হঠাৎ আত্মবিশ্বাস আর দাম দুটোই বেড়ে যায়। ব্যবসায়ীরা আরও জানান, বিভিন্ন নিতপণ্যের মধ্যে নাকি সম্প্রতি ‘স্ব-উন্নয়ন মোটিভেশন’ দেখা গেছে। বিশেষ করে লেবু নাকি ইউটিউব দেখে নিজেকে প্রিমিয়াম ব্র্যান্ড ভাবতে শুরু করেছে, তাই দামও প্রিমিয়াম পর্যায়ে আপগ্রেড হয়েছে।

অর্থনীতির বিশেষ অজ্ঞরা ব্যবসায়ীদের এই আচরণকে ‘পোস্ট পলক ডিসঅর্ডার (PPD)’ হিসেবে চিহ্নিত করেছেন। এই ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তি নিজের করা কাজের দায় নিতে না পেরে বস্তু, প্রযুক্তি, প্রকৃতি বা গ্রহ-নক্ষত্রের উপর দোষ চাপাতে শুরু করে। একজন বিশেষ অজ্ঞ ব্যাখ্যা করে বলেন, আগে মানুষ বলত ‘বাজারের অবস্থা খারাপ’। এখন বলছে ‘বাজার নিজেই খারাপ হয়ে গেছে’। এটা মানব সভ্যতার দায় এড়ানোর এক নতুন মাইলফলক।

এদিকে সাধারণ ভোক্তারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, আগে ব্যবসায়ীরা দাম বাড়াত, এখন জিনিসপত্রের দাম নাকি নিজেই বাড়ে, পরের ধাপে হয়তো আমাদের বেতনও হয়তো নিজেই কমে যাবে। সরকারি সূত্রে জানা গেছে, দাম নিজে নিজে বেড়ে যাওয়ার বিষয়টি তদন্তে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। যদিও কমিটি প্রধানের, তদন্ত নিজে নিজেই হবে, আমরা শুধু রিপোর্ট জমা দিবো, মন্তব্যের পর তদন্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, যদি এই ট্রেন্ড চলতে থাকে, তাহলে ভবিষ্যতে হয়তো রাষ্ট্র চালাতেও কোনো সরকার দরকার হবে না, রাস্ট্রও চলবে নিজে নিজে।

২৪ পঠিত ... ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে

Top