রমজান একেবারে দরজায়। কাল বাদে পরশুই শুরু হবে শরবত মেকারদের ব্যস্ততা। কিন্তু শরবত বানানোয় কতটা পেশাদারিত্ব বজায় রাখতে পারবেন তারা, তা নিয়ে জনমনে জল্পনা-কল্পনা আছে। এজন্য আগামীকাল একযোগে সারাদেশে শরবত মেকারদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন বিখ্যাত শেফ টমি মিয়া। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই শপথ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো বাসার ছোট ছেলেদের দ্বারা লবণের জায়গায় ভুলে চিনি বা চিনির জায়গায় ভুল করে লবণ দেওয়ার চিরন্তন ট্র্যাজেডি বন্ধ করা। টমি মিয়া বিশেষ করে শেখাবেন, কীভাবে শরবতে ভাসমান লেবুর বিচিগুলো দক্ষ হাতে উদ্ধার করতে হয় এবং কেন এক গ্লাস শরবতে আধাকেজি বরফ দেওয়া যুক্তিযুক্ত নয়। এছাড়া, শরবত বানানোর পর কিচেন কাউন্টারকে মিনি সুইমিংপুল বানানো থেকে বিরত থাকার জন্য তারা বিশেষ শপথ পড়াবেন বলে আশা করা হচ্ছে।
শপথের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো—চিনি সম্পূর্ণ না গলা পর্যন্ত নাড়ানি থামানো যাবে না। অনেক সময় দেখা যায়, শরবতের ওপরের অংশ পানসে কিন্তু গ্লাসের নিচে দুই ইঞ্চি চিনির স্তর জমে থাকে; এই সংকট নিরসনে ছোট ছেলেদের রিস্ট পাওয়ার বা কবজির জোর বাড়ানোর কসরত দেখানো হবে। অনুষ্ঠান শেষে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে সার্টিফাইড শরবত মেকার মেডেল দেওয়া হবে, যা প্রদর্শন করলে রমজান মাসে তাদের ইফতারের পর থালাবাসন ধোয়ার দায়িত্ব থেকে বিশেষ ছাড় দেওয়া হতে পারে।


