মির্জা আব্বাসের ছায়ামন্ত্রী হতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী

৭৬ পঠিত ... ১২ ঘন্টা ২৫ মিনিট আগে

রাজনীতির মাঠে এখন আলোচনার তুঙ্গে ছায়া মন্ত্রীসভা! সরকারি দলের পাশাপাশি এবার বিরোধীদলও জানাচ্ছেন, তারা এবার ছায়া মন্ত্রীসভা দেবেন। তবে অন্যান্য ছায়া মন্ত্রী নিয়ে ফেসবুকবাসীর খুব একটা আগ্রহ নাই। তবে তারা চান, মির্জা আব্বাসের ছায়ামন্ত্রী যেন নাসীরুদ্দীন পাটোয়ারি হন।

সম্প্রতি নির্বাচনী প্রচারণায় আব্বাস-পাটোয়ারি সিরিজের তুমুল ফ্যান হয়েছেন অনেকে। এই দুর্দান্ত সিটকম সিরিজটি মিস করতে চান না তারা কেউ। ফলে এই সিরিজের দ্বিতীয় সিজন হিসেবে এই দুই রাজনীতিবিদের দ্বৈরথ দেখার জন্য আবারও মুখিয়ে আছেন নিখিল বাংলার রিল ওয়াচ সোসাইটি!

এমন এক ফ্যান বলেন, নির্বাচনটা যাওয়ার পরে এখন আর রিলে আব্বাস ভাই ও পাটোয়ারী ভাইকে দেখি না! মনটা খারাপ লাগে! আগে প্রতিটি সকালে ঘুম থেকে উঠতামই তাদের রিল দেখার জন্য! এখন আর তাই ঘুম থেকে ওঠার আগ্রহও পাই না! একে অন্যের ছায়ামন্ত্রী হওয়ার মাধ্যমে তারা দুজন যদি আবারও রিলে ফিরে আসে তাইলে আমরাও জীবনে একটু জেগে ওঠার অনুপ্রেরণা পাই।

এদিকে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশ দাবি তুলেছেন, এই দুই নেতার দ্বৈরথকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি বিশেষ রিলস মন্ত্রণালয় গঠন করা হোক। তাদের মতে, মির্জা আব্বাসের গম্ভীর বাচনভঙ্গি আর নাসীরুদ্দীন পাটোয়ারীর ক্ষুরধার পাল্টা জবাব—এই দুইয়ের রসায়ন যেকোনো নেটফ্লিক্স সিরিজকে হার মানাতে সক্ষম। এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, বাজেট বা জিডিপি নিয়ে বিতর্ক আমরা বুঝি না, আমরা শুধু চাই আব্বাস ভাই ডানে তাকাবেন আর পাটোয়ারী ভাই বামে দাঁড়িয়ে একটা মোক্ষম পাঞ্চলাইন দেবেন। এই দুই মহারথীর ছায়াযুদ্ধ দেখার জন্য আমরা প্রয়োজনে ডাটা প্যাকের দাম বাড়লেও মেনে নিতে রাজি আছি।

৭৬ পঠিত ... ১২ ঘন্টা ২৫ মিনিট আগে

Top