নির্বাচনে জেতার পর জামায়াত আমির ড. শফিকুর রহমানের বাসায় সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে রাজনৈতিক ইতিহাসে নতুন এক রহমান ইউনিভার্স তৈরি করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দুই রহমানের ঐতিহাসিক মিটআপের পর থেকেই দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ‘আর কে কে মিটআপ করবে’ বিষয়ক জাতীয় কৌতূহল।
এই কৌতূহলের কারণেই সোশ্যাল মিডিয়ায় ফ্যানসমাজ এনসিপি নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী ও বিএনপি নেতা মির্জা আব্বাসের মিটআপের দাবি তুলতে শুরু করেছে। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় #PatwariMirzaMeetup ট্রেন্ড করতে শুরু করেছে। এ ব্যাপারে ফ্যানদের যুক্তি এই দুই মহারথীর সাক্ষাৎ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক টাইমলাইন অসম্পূর্ণ থেকে যাবে।
ফ্যানদের মতে, দুই রহমানের মিটআপ ছিলো ‘রহমান ফেজ’, আর পাটোয়ারী–মির্জা মিটআপ হবে ‘মাল্টিভার্স ফেজ’, যেখানে বাংলাদেশের রাজনীতি MCU-এর মতো ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হবে। কেউ কেউ আবার দাবি করছেন, এই মিটআপ হলে আন্তর্জাতিক মিডিয়া বাংলাদেশকে নতুন করে আবিষ্কার করবে যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব হঠাৎ করে জাতিসংঘ আবিষ্কার করেছিল।
এই বিষয়ে মির্জা আব্বাসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে নাসীরউদ্দীন পাটোয়ারীর ফেক এক এক্স অ্যাকাউন্ট থেকে ‘দেখা তো করতে চাই কিন্তু, মির্জা আব্বাস গ্যাংস্টার তো’ লেখা একটি টুইট করা হয়। পরে অবশ্য তাদের রাজনৈতিক জোটের এক নেতার মতো টুইটটি ডিলিট করে ফেক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিলো দাবি করা হয়।


