টানা সাত দিনের মানসিক টর্চারের পর দেশব্যাপী শুকরানা মোনাজাতের ডাক দিয়েছে বাংলাদেশ সম্মিলিত সিঙ্গেল সমাজ। আজ সকালে রাজধানীর টিএসসি সংলগ্ন এক নির্জন এলাকায় অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই মোনাজাত অনুষ্ঠিত হয়।
মোনাজাত শেষে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অশ্রুশিক্ত নয়ন অশ্রুশিক্ত নয়নে বলেন বলেন, ভাই, গত সাতটা দিন যে কীভাবে কাটিয়েছি তা কেবল ওপরওয়ালা আর আমার ফেসবুকের ব্লক লিস্ট জানে। নিউজফিড খুললেই গোলাপ ফুল, টেডি বিয়ার আর দামি রেস্টুরেন্টের চেক-ইন। মনে হচ্ছিল দেশটা শুধু যুগলদের জন্যই, আমরা ধইঞ্চা। আজ ১৫ তারিখ, মনে হচ্ছে আজই আমাদের স্বাধীনতা দিবস!
মোনাজাতে বিশেষভাবে দোয়া করা হয় সেইসব বন্ধুদের জন্য, যারা ভ্যালেন্টাইন উইকে গিফট কিনতে গিয়ে ধারদেনা করে এখন দেউলিয়া হওয়ার পথে। এক সদস্য বলেন, আমার রুমমেট কাল রাতে একটা গোলাপ আর টেডি গিফট করে এখন আমার কাছে মেসে চার্জের টাকা ধার চাচ্ছে। আমি তাকে মোনাজাতে শরিক হতে বলেছি, তওবা করে সিঙ্গেল সমাজে ফিরে আসার জন্য।
এদিকে সিঙ্গেল সমাজের এই শুকরানা মোনাজাতকে আঙ্গুর ফল টক নীতি বলে আখ্যা দিয়েছে কাপল অ্যাসোসিয়েশন। তাদের দাবি, এসব মোনাজাত আসলে এক ধরনের হাহাকার লুকানোর ব্যর্থ চেষ্টা। তবে সিঙ্গেল সমাজ এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, আমরা হাহাকার করছি না, আমরা আসলে ১৫ তারিখের অপেক্ষায় ছিলাম কারণ আজ থেকে অনলাইনে গিফট আইটেমে ৫০% ডিসকাউন্ট শুরু হয়েছে। এখন নিজের জন্য নিজে কিনব!
মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে এক প্যাকেট করে সিঙ্গেল পিস লেবু লজেন্স বিতরণ করা হয়।


