পাশ করা এমপিদের সংবর্ধনা ও মিষ্টি খাওয়াবে উদ্ভাস, তুলবে বিখ্যাত পোজে ছবিও

৪২ পঠিত ... ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে

টানটান উত্তেজনা, হাড্ডাহাড্ডি লড়াই, ভয়েন্টে ভয়েন্টে (পড়ুন পয়েন্টে পয়েন্টে) ভোটাভুটির তীব্র প্রতিদ্বন্দ্বিতা, প্রশ্নপত্র ফাঁস হবে কি হবে না গুঞ্জন সবমিলিয়ে দেশের অন্যতম সর্ববৃহৎ নিবাচনী পরিক্ষার মধ্য দিয়ে শেষ হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

পাশ-ফেইলের এই মহাযজ্ঞে কৃতকার্য প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে আরেক লড়াই। পাশ করা প্রার্থীদের সাথে নানান অ্যাঙ্গেলে ছবি তোলা সাথে সংবর্ধনা ও মিষ্টিমুখ করার জন্য ইতোমধ্যেই ধর্না দিচ্ছে উদ্ভাস, উন্মেষ, ইউসিসি, রেটিনা সহ আরো নানান প্রতিষ্ঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে কয়েকটি ফটো কার্ড। ‘বিশাল সংবর্ধনার আয়োজন’, ‘আমরা গর্বিত’, আমাদের গর্ব’ শিরোনামে এমপি পদে যারা পাশ করেছেন সবার ছবি দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান দাবী করছে এর পিছনে অবদান তাদের। ইঞ্জিনিয়ারিং কোচিং করানো প্রতিষ্ঠানগুলো যেমন এমপিদের সাফল্যের চাবিকাঠি নাড়ানোর কৃতিত্বটা হস্তগত করতে চাইছে, পাশাপাশি বাকি প্রতিষ্ঠান গুলোও দাবী করছে, ইঞ্জিনিয়ারিং বলে কিছু নেই।

তবে ইঞ্জিনিয়ারিং কোচিংগুলো নাসীরুদ্দীন পাটোয়ারিকে কোট করে বলেন, ফার্স্টবয় তারেক রহমান তো ইঞ্জিনিয়ার! নাসীরুদ্দীন পাটওয়ারী তাকে একজন গর্বিত ইলেকশন ইঞ্জিনিয়ার বলছেন। সেক্ষেত্রে তার সাফল্যের একমাত্র দাবিদার আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার।

এদিকে উদ্ভাসিত হয়ে উদ্ভাস জানিয়েছে, আমরা মিষ্টিমুখ কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছি। মেডেল পড়িয়ে খুব শিগগিরই কী কী অ্যাঙ্গেলে পোজ নেবো তার ড্রাফ্ট হয়ে গিয়েছে ‌। ডেটা এনালাইসিস করে দেখেছি যে সবচেয়ে বেশি ডেটা আমরাই এনালাইসিস করেছি। পূর্বের ‘হাঁ করা মিষ্টিমুখ’ পোজ গুলোতে এবার নতুনত্ব থাকবে।

এদিকে ইউসিসি তাদের এক অফিসিয়াল পোস্টে এক‌ই বার্তা নিজেদের লোগো ব্যবহার করে প্রায় এক‌ই সময়ে জানায়, তারাই আগে সংবর্ধনা দিচ্ছে।

রেটিনা , উন্মেষও এক‌ই সময়ে প্রচার করে জানিয়েছে তারাই আগে সংবর্ধনা দিচ্ছে।

এ ব্যাপারে কয়েকজন এমপির অনুভূতি জানতে চাইলে তারা আনন্দের সাথে জানান, আমরা কিছু জানিনা।

তবে আমরা সংবর্ধনা পাওয়ার দাওয়াত পেলে সবার আগে উপস্থিত হব। এ ক’দিন খুব ধকল গেছে।

এখন একটু রিল্যাক্স দরকার। হ্যাভা রিলাক্স, সি ইউ নট ফর মাইন্ড।

৪২ পঠিত ... ১৪ ঘন্টা ৩০ মিনিট আগে

Top