রমজানের জন্য বাজারে এসেছে স্পেশাল গোল্ড এডিশন লেবু। থাকছে সাধারণের হাতের নাগালের বাইরে…

৩১ পঠিত ... ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে

চলে এসেছে পবিত্র রমজান মাস। আর এ মাসের আমাদের ইফতারির চিরাচরিত ঐতিহ্যে লেবু একটু অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। শরবত থেকে ছোলা-মুড়ি মাখা, সবখানেই লেবুর পরশ পেতে চায় আমাদের মন।

তবে পেতে চাইলেই তো আর হবে না, যে কেউ লেবুর স্বাদ পাইলে তো লেবুর মান-সম্মান নষ্ট। তাই রমজান আসার সাথে সাথেই প্রতিবারের মত বাজারে ব্যবসায়ীরা নিয়ে এসেছে রমজান স্পেশাল 18K লেবু। এই লেবুর চেহারা দেখতে আমরা গিয়েছিলাম বাজারে।

আমাদেরকে লেবু এক দোকানি একটি হলুদ বড় গোলাকার লেবু দেখিয়ে জানালেন, এই সেই গোল্ড এডিশন লেবু। এই লেবুর রসে আছে 18K গোল্ডের ছোঁয়া। তাই এর দামটা একটু বেশি। সাধারণ মানুষের জন্য আসলে এই লেবু না। কারণ তাতে এই লেবুর ইজ্জত থাকে না। কেবল মাত্র কোটির ঘরের পতিরাই এই লেবুর স্বাদ পেতে পারবেন।

আমরা জিজ্ঞেস করলাম নরমাল দামের সাধারণ লেবু বাজারে নেই কেন? তাতে দোকানি আমাদেরকে একটু বকা দিয়েই বললেন, হই মিয়া! আপনে জানেন রোজাদাররা কত স্পেশাল? তাদেরকে যা-তা খাওয়ানো যায় না, গুনাহ হয়।

একটা লেবুর দাম শোনার চেষ্টা করেছিলাম আমরা। দাম শোনার পর আমাদের প্রতিনিধি অজ্ঞান হয়ে পড়ে যায় রাস্তায়। আমাদের আরেকজন প্রতিনিধি আপাতত অস্বাভাবিক অস্থির অবস্থায় আছে। কিছুক্ষণ পর পর কান্নাকাটি করে আবার জোরে জোরে গান গেয়ে উঠছে, সাধের লেবু, বানাইলো মোরে ফকিন্নি…

৩১ পঠিত ... ১৬ ঘন্টা ১৫ মিনিট আগে

Top