নির্বাচিত সরকারের মন্ত্রীসভা গঠন, শপথ গ্রহণ শেষ।এদিকে মন্ত্রনালয় অফ জেবু থেকে জানানো হয়েছে শীঘ্রই মাঠে নামতে যাচ্ছে জেবু। দেশে আসার পর থেকে ঘরে বসে-ঘুমিয়ে সময় কাটালেও এখন সময় এসেছে দায়িত্ব গলায় তুলে নেয়ার। জেবুর মন্ত্রীসভায় কে কে থাকবে সেটা এখনো প্রকাশ পায়নি, ‘সিক্রেট ক্যাট ফাইল’ যেকোন সময় জনসমক্ষে আনা হতে পারে। তবে জেবুর ছায়া মন্ত্রিসভায় থাকবে যুক্তরাজ্যের বিখ্যাত ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বিড়াল ল্যারি। ল্যারির অফিসিয়াল এক্স একাউন্ট থেকে এই হেইট নিউজ নিশ্চিত করা হয়েছে। ল্যারির রয়েছে রাজনৈতিক জীবনে সুদীর্ঘ পনের বছরের অভিজ্ঞতা। এখন পর্যন্ত ছ’জন ব্রিটিশ প্রধানমন্ত্রীর শাসনামল দেখে ফেলেছে ল্যারি। এমন অভিজ্ঞ একজনকে ছায়া মন্ত্রিসভায় পেয়ে যারপরনাই খুশি হয়েছে জেবু।
জেবু তার ফেসবুক পোস্টে জানিয়েছে আজ থেকে ফেসবুক তার এক্স, এক্সই তার বর্তমান। ল্যারির থেকে অনেক কিছু শিখতে চাই।
ল্যারি যেহেতু চিফ মাউজার হিসেবে গুরুদায়িত্ব পালনে সিদ্ধহস্ত, জেবুকে ছায়াতলে রেখে সকল রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছে সে। সরকার বললেও কী করে সরকারে টিকে থাকতে হয় সেই বুদ্ধি শিখিয়ে দেবে বলেও জানিয়েছে ল্যারি।
এদিকে ল্যারির যুক্ত থাকার খবরে জেবু খুশি হলেও ইঁদুর সমাজে আতংক ছড়িয়ে পড়েছে। তারা একটা থিম সং ও বানিয়েছে,
‘আসছে আসছে, ঐ জেবু আসছে
থাকছে থাকছে, ল্যারি থাকছে'
তবে জেবু যেহেতু ক্যাটনীতি নিয়ে ভাবছে, ক্যাটকৌশল হিসেবে সে নাকি ল্যারির প্রতিদ্বন্দ্বী ১১ নং ডাউনিং স্ট্রিটের পামারস্টনের সাথেও যোগাযোগ করে ‘ম্যাও’ জানিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে জেবুর শপথ গ্রহণ আয়োজনে উপস্থিত থাকবে ল্যারি ও পামারস্টন।


