ডাকসু প্রার্থীদের শুভকামনা জানাতে চান মোহাম্মদ রায়হান

১২৫ পঠিত ... ১৬:১১, আগস্ট ২৭, ২০২৫

ফেসবুকের অঘোষিত কুফার সম্রাট মোহাম্মদ রায়হান আবারও আলোচনায়। কাউকে শুভকামনা জানালেই তার ভবিষ্যৎ নিশ্চিত ধ্বংস—এমন কুখ্যাতি বহু আগেই অর্জন করেছেন তিনি। এ কারণেই তার ফেসবুক আইডির নামের পাশেই জ্বলজ্বল করছে—'কুপা রায়হান।’

আগে যে–ই নতুন ব্যবসা খুলেছে, বিয়ে করেছে কিংবা চাকরিতে যোগ দিয়েছে, রায়হান ভাই তাদের পেছনে ছায়ার মতো লেগে থেকে শুভকামনা জানিয়ে গেছেন। আর ফলাফল? ব্যবসা ধ্বংস, বিয়ে ভেঙে যাওয়া, চাকরি থেকে সাসপেনশন—সব কিছুর মূল সন্দেহভাজন রায়হানের সেই এক লাইন শুভকামনা। এমনকি রায়হানের শুভকামনার  ভয়ে থাকে বিশ্বের বিভিন্ন বাঘা বাঘা স্পোর্টস টিম। 

তবে এবারের টার্গেট অনেক বড়। ডাকসু নির্বাচন নিয়ে যখন মিডিয়া গরম, তখনই হঠাৎ ঘোষণা দিয়েছেন রায়হান, ডাকসু প্রার্থীদের জন্যও শুভকামনা জানাব। খবরটা ছড়িয়ে পড়তেই প্রার্থীদের মধ্যে হুলস্থূল শুরু হয়ে গেছে। কেউ কেউ নাকি ক্যাম্পেইনে না গিয়ে বাসায় লুকিয়ে আছেন, কেউ কেউ আবার রীতিমতো প্রার্থিতা প্রত্যাহারের আবেদনপত্র খসড়া করছেন।

প্রার্থীদের মধ্যে একজন নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ভাই, ভোটের রেজাল্ট যাই হোক, কিন্তু যদি রায়হান ভাই ইনবক্সে ‘অল দ্য বেস্ট’ লিখে দেন, তবে আপনাদের ভাবির কাছে আর মুখ দেখাতে পারব না। এদিকে সাধারণ শিক্ষার্থীরাও শঙ্কিত। তারা বলছে, যদি রায়হান ডাকসু প্রার্থীদের শুভকামনা জানান, তবে নির্বাচনের দিনেই হয়তো ক্যাম্পাসে একটা ফাডাফাডি হইবো। সব মিলিয়ে ডাকসু ভোটের আগে এখন একটাই আলোচনার বিষয়—ভোটে কে জিতবে না, বরং রায়হান কাকে শুভকামনা জানাবে!

১২৫ পঠিত ... ১৬:১১, আগস্ট ২৭, ২০২৫

Top