জমিদারের নাতিদের টার্গেট করেই স্টিভ জবের আইফোনের আপডেটেড ভার্সন

৯৮ পঠিত ... ১৭:২৫, জুলাই ১৪, ২০২৫

অ্যাপল প্রতিবছরই চড়া মূল্যে আইফোনের নতুন ভার্সন বাজারে আনে। তার দাম এতই চড়া থাকে যে যা বাংলাদেশের ম্যাক্সিমাম মধ্যবিত্তদের কয়েক মাসের স্যালারির সমান। তাও বাংলাদেশে আইফোনের নতুন ভার্সনের বিক্রি ঊর্ধ্বমুখিই। যা নিয়ে পুঁজিবাজার, কমিউনিস্ট পাড়ায় প্রলেতারিয়াতদের মধ্যে চলে নানা সমালোচনা, বুদ্ধিজীবীদের ভাষায় যাকে বলে আলাপ। কিন্তু এত দামি ফোন আসলে কারা কেনে? এমন সব জটিল প্রশ্নের উত্তর দিতে নাখালপাড়ায় রূপায়ন টাওয়ারে আমাদের সাথে কথা বলেছেন অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

আমাদের প্রশ্নের জবাবে স্টিভ জবস বলেন, এই আপডেটেড ভার্সন আপনাদের মত মধ্যবিত্তদের জন্যে না। আপনারা গরিব, আপনারা ভাত খান চারবেলা। আমাদের এই ফোনের বিশেষ টার্গেট হচ্ছে বাংলাদেশের জমিদার বংশের নাতিরা। যেমন বাংলার বারো ভুঁইয়া ঈসা খাঁর নাতি শশা খাঁ আমাদের থেকে আইফোনের নতুন ভার্সন কিনেছিলেন, ১৫৮ মোহরের বিপরীতে। এছাড়া আরো ছিলেন সম্রাট আকবরের নাতি সম্রাট শাহজাহান, প্রসন্নকুমার মিত্রের নাতি রবীন্দ্রনাথ ঠাকুর। এ ব্যাপারে রবীন্দ্রনাথ তার বিখ্যাত আষাঢ় কবিতায় বলেন, নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে, আষাঢ় আধার বেলা বেশি আর নাহি রে, তড়িঘড়ি করে অ্যাপলের ফোন মোর চাহি রে।

ইতিহাসের কথা তো জানলাম, তবে বর্তমানের অর্থনৈতিক মন্দার যুগে আপনাদের এমন জমিদারি কাস্টমার আছে কি? একথা শুনে অ্যাপলের প্রতিনিধি উত্তেজিত হয়ে লম্ফঝম্ফ শুরু করে দেন। কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আমাদের বললেন, আপনাদের কেন গরিব বলি শুনেন! এই যে আপনাদের দেশে যে এখন হাজার হাজার জমিদারের নাতি আছে তার খবর আপনারা রাখেনই না। কিছুদিন আগেই তো এক জমিদারের নাতি গাড়ির বহর নিয়ে এলাকা ঘুরে আসছে! এরাই আমাদের বাংলাদেশি কাস্টমার। এরাই আমাদের জমিদারের নাতি, এরাই আমাদের অ্যাপলের টুকরা।

সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া একটা পোস্ট মারফত জানা যায়, র‍্যান্ডম মানুষজন রাস্তায় গাড়ি থামিয়ে মানুষকে লাখ লাখ টাকা দিচ্ছে, কেউ কেউ দিচ্ছে আইফোন। সম্প্রতি এমনই এক আইফোন কাণ্ডের ঘটনা জানা যায়। জমিদারের নাতি এক অ্যাপলের টুকরাকে এই আইফোনের বিষয়ে প্রশ্ন করলে তিনি শুরুতেই আমাদেরকে আওয়ামী লীগের দোসর বলে প্রশ্ন এড়িয়ে যেতে চান। পরে আমাদের জুলাই আন্দোলনের ফাইটার সার্টিফিকেট দেখালে তিনি বলেন, দেখেন, এত রাজনীতি করার কিছু নাই! এমন ৩০-৪০টা আইফোন কিনে দেওয়ার মতো টাকা আমার দাদার আছে। আমার দাদিরও আছে। এই ফোনটা আমাকে আমার দাদিই দিয়েছে।

৯৮ পঠিত ... ১৭:২৫, জুলাই ১৪, ২০২৫

Top