বিয়ের পাশাপাশি ডিভোর্সের সময়ও পারমিশন না নেওয়ায় প্রীতম-শেহতাজের ওপর ক্ষিপ্ত নিখিল বাংলা জাজমেন্টাল সমাজ

৬১ পঠিত ০ ... ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে

 


বিয়ে করার সময়ও কারও কাছ থেকে অনুমতি নেননি, এবার ডিভোর্সের সময়ও নাকি একই কাজ করেছেন প্রীতম ও শেহতাজ। আর এতেই ক্ষোভে ফুঁসছে দেশের আপামর জাজমেন্টাল সমাজ। ঘটনার পর জরুরি বৈঠকে বসেছে নিখিল বাংলা জাজমেন্টাল সমাজ। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে, মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মতামত দেওয়ার সাংবিধানিক অধিকার থেকে কাউকেই বঞ্চিত করা যাবে না।

সংগঠনের সভাপতি ও পাশের বাসার সর্বজ্ঞ আন্টি ক্ষোভ প্রকাশ করে বলেন, দুনিয়াডা কই গেলো দেখছেন? পোলাপানের মধ্যে আদব-কায়দা কিচ্ছু নাই। আগে মুরুব্বিরা ধইরা বিয়া দিয়া দিত, তখন বিয়াও হইতো, সংসারও হইতো, আর সমস্যা হইলে পাঁচ বাড়ির মানুষ জানতো। এখনকার পোলাপান বিয়া করে, আবার ডিভোর্সও করে, আমাগো একটা ফোনও দেয় না। তিনি আরও বলেন, আমরা কি শুধু বিয়ের ছবি দেখে লাইক দেওয়ার জন্য আছি? কার সংসারে কী হইল, কেন হইল, কার দোষ, এইগুলা বিশ্লেষণ করা আমাদের নৈতিক অধিকার।

নিখিল বাংলা জাজমেন্টাল সমাজের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভবিষ্যতে কোনো তারকা বিয়ে করতে চাইলে অন্তত তিন কর্মদিবস আগে তাদের কাছে আবেদন করতে হবে। একইভাবে ডিভোর্সের ক্ষেত্রেও আবেদন, শুনানি, সামাজিক তদন্ত এবং পাঁচজন আন্টির মতামত গ্রহণ বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে পাশের বাসার আরেক আন্টি বলেন, আমাদের সময় এসব সিদ্ধান্ত একা নেওয়ার সুযোগ ছিল না। এখনকার ছেলেমেয়েরা নিজের জীবন নিজেরা চালায়, ভাভাগো ভাভা যায় এগ্লা।

নিখিল বাংলা জাজমেন্টাল সমাজের পক্ষ থেকে লিখিতভাবে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, নিজেদের জীবন নিজেরা চালাবে, এটা আবার কেমন কথা? সমাজ আছে কী করতে। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি বিশেষ কমিটি গঠন করেছে সংগঠনটি। কমিটির প্রধান দায়িত্ব হবে, কে কার সঙ্গে প্রেম করছে, কে কাকে বিয়ে করছে, কার ডিভোর্স হচ্ছে এবং এসব ঘটনায় কে কতটা দোষী, তা নির্ধারণ করা। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কেউ যদি ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার আগে সমাজের অনুমতি না নেয়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে ‘আপনার জীবন, আমাদের মতামত’ শীর্ষক ১৭ পর্বের ফেসবুক আলোচনা আয়োজন করা হবে। সবশেষে সভাপতি আন্টি আবেগঘন কণ্ঠে বলেন, আমরা শুধু চাই, পোলাপান সুখে থাকুক। তবে সুখে থাকার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিক। সুখে থাকলে সমস্যা নাই, কিন্তু আমাদের না জিগাইয়া সুখে থাকাটা আমরা মেনে নিতে পারুম না।

৬১ পঠিত ০ ... ১৩ ঘন্টা ১৭ মিনিট আগে

Top ​