বিশ্বকাপ শেষে ব্রাজিল-আর্জেন্টিনা ছাড়বে মেসি-নেইমার। অংশ নেবে মেয়র ইলেকশনে

১৪ পঠিত ... ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে

 

আসছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশন। এই ইলেকশনের জন্য অনেকেই ছেড়ে দিচ্ছেন প্রিয় দল, প্রিয় জায়গা। যেন মেয়র ইলেকশনে কোনোকিছু বাঁধা হয়ে না দাঁড়ায়। এই ইলেকশনে পিছিয়ে থাকতে চান না মেসি-নেইমারও।

অলরেডি বিশ্বকাপপাড়ায় এ নিয়ে শুরু হয়েছে তোলপাড়। একটি পশ্চিম দিকে ফির‍্যা কইতাছি সূত্র থেকে জানা যায়, এই বিশ্বকাপের আসর শেষ হলেই মেসি, নেইমার, ভিনি, এমবাপ্পে, রোনালদোসহ সকল একযোগে নিচ্ছেন ফুটবল খেলা থেকে ছুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে মেসি লিখেছেন, দেখতে দেখতে বার্সেলোনা, পিএসজি আর ইন্টার মায়ামির দীর্ঘ সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। ফুটবলের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আজ আমার ফুটবল থেকে আনুষ্ঠানিক ছুটি হলো। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো বল ড্রিবলিং করে কেটেছে, এবার একটু ঢাকা দক্ষিণের ড্রেনেজ ব্যবস্থা ড্রিবলিং করতে চাই।
এমনই আরেক পোস্টে নেইমার জুনিয়রও জানিয়েছেন, মাঠে ফাউল খেয়ে শুয়ে থাকার চেয়ে ঢাকার ভাঙা রাস্তায় রিকশায় চড়ে ঝাঁকুনি খাওয়া অনেক বেশি রোমাঞ্চকর। তাই তিনিও ব্রাজিলের জার্সি তুলে রাখছেন।
মেসি-নেইমারের এই আকস্মিক বিদায় নিয়ে ফুটবল মহলে নানা আলোচনা শুরু হলেও, উয়েফা ও ফিফার একাধিক নীতিনির্ধারক নাম প্রকাশ না করার শর্তে ইআরকিকে জানিয়েছেন, দল শেষ করার আগে ফুটবলারদের বিদায় নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও অনেক খেলোয়াড়ই মধ্য বয়সে এসে সৌদি প্রো লিগে গেছেন। তবে মেসি-নেইমার এবার সরাসরি ঢাকা দক্ষিণে প্রার্থী হচ্ছেন বলেই এত আলোচনা।

এই বিষয়ে ফিফা সভাপতি ইনফান্তিনোকে একটি ফেক কলে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ফুটবলাররা তো তাদের সাংগঠনিক রীতি ও নিয়ম অনুযায়ী চলে। বয়স হলে, বিয়ে করলে বা ঢাকার ফুটপাতে দোকান দেওয়ার ইচ্ছা জাগলে ফুটবল থেকে বিদায় নেওয়ার রেওয়াজ আছে। সে কারণে ওনারা বিদায় নিতেই পারেন। তাছাড়া সেন্ট্রাল বডি তাদের নমিনেশনের ব্যাপারে বেশ পজিটিভ।

১৪ পঠিত ... ১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে

Top