এখন ধানের শীষে কইরা অফিস যা! বেঈমানের দল: শেখ হাসিনা

পঠিত ... ১ ঘন্টা ৩২ মিনিট আগে

রাজধানীতে গত রাত থেকে রেকর্ড ভাঙা ৭৬ মিলিমিটার বৃষ্টিতে গ্রিন রোড, পান্থপথ আর ধানমন্ডি ২৭ যখন বঙ্গোপসাগরের সাব-ব্রাঞ্চে পরিণত হয়েছে, ঠিক তখনই সুদূর ভারত থেকে ভেসে এসেছে এক বজ্রকণ্ঠের অট্টহাসি। ২০২৪-এর ৫ আগস্ট হেলিকপ্টারে দেশ ছাড়ার পর, দীর্ঘ নির্বাসন শেষে ২০২৬-এর ডিসেম্বরে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার এই হাঁটু থেকে কোমর সমান পানির ছবি দেখে চরম ক্ষোভ ও প্রচ্ছন্ন আনন্দ প্রকাশ করেছেন। রয়টার্সকে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি ঢাকাবাসীকে উদ্দেশ্য করে বলেছেন, খুব তো ৫ আগস্ট লাফালাফি করছিলা? এখন ধানের শীষে কইরা অফিস যা! বেঈমানের দল!

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই মন্তব্যের পর ঢাকার জলমগ্ন রাস্তায় যাতায়াতকারী আমজনতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তেজতুরীবাজারের কোমর পানিতে দাঁড়িয়ে এক অফিসগামী চাকুরিজীবী ক্ষোভ প্রকাশ করে বলেন, আগে তো তাও 'উন্নয়নের জোয়ারে' ভাসতাম, এখন তো দেখছি শুধুই জোয়ার, উন্নয়ন কই? তবে আপা যে ধানের শীষ দিয়ে নৌকা বানানোর আইডিয়া দিছেন, এই ক্রিয়েটিভিটির প্রশংসা করতেই হয়। বিএনপির উচিত এখন ধানের শীষের আদলে স্পিডবোটের ব্যবস্থা করা।

এদিকে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সদ্য ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ঢাকার এই শহুরে জলাবদ্ধতাকে বিগত স্বৈরাচারী সরকারের ১৭ বছরের জমে থাকা ড্রেনেজ ষড়যন্ত্র  বলে আখ্যায়িত করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরমা-কুশিয়ারার পানি বিপদসীমার ওপরে থাকলেও, ঢাকার কাজীপাড়া আর মিরপুরের পানি আপাতত ডিজিটাল সীমার ওপরে অবস্থান করছে। সেনাবাহিনী ও নৌবাহিনী দেশের ৭টি জেলায় নৌকায় করে ত্রাণ পাঠালেও, ঢাকার কুচকুচে কালো ড্রেনের পানিতে নৌকা চালানো সম্ভব কি না, তা নিয়ে উচ্চপর্যায়ের গবেষণা চলছে।

অন্যদিকে, ডিসেম্বরে আপার দেশে ফেরার এবং আদালতে দাঁড়ানোর আকস্মিক ঘোষণায় চনমনে হয়ে উঠেছে নিষিদ্ধপ্রায় আওয়ামী লীগের তৃণমূল (যদিও তারা এখন পানির নিচেই বেশি অবস্থান করছেন)। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক পাতি নেতা বুক সমান পানিতে ভেসে থাকতে থাকতে বলেন, নেত্রী ঠিকই বলেছেন। ৫৪ সালের যুক্তফ্রন্ট থেকে যে নৌকা আমাদের পার করে আসছে, সেই নৌকা ডুবিয়ে আজ মানুষ ধানের শীষের ভেলা বানাচ্ছে। এখন বোঝো ঠেলা! ট্রাফিক জ্যামে আটকে থাকা আর পানির মধ্যে সাঁতার কাটার মধ্যে পার্থক্যটা এবার জনগণ হাড়ে হাড়ে টের পাক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় আরও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ধানের শীষের বাহন নিয়ে অফিসে যাওয়া ঢাকাবাসীর জন্য সাঁতার কাটা বাধ্যতামূলক হতে পারে। নেত্রীর এমন কড়া বাণীর পর সচিবালয় ও মতিঝিল পাড়ায় এখন একটাই গুঞ্জন— ডিসেম্বরে আপা যখন ফিরবেন, তখন তিনি কি বিমানে আসবেন, নাকি ঢাকার চিরচেনা জলপথ ধরে সরাসরি কোনো সাবমেরিনে করে আদালতে আত্মসমর্পণ করতে যাবেন? জবাব দেবে ২০২৬-এর ভবিষ্যৎ।

পঠিত ... ১ ঘন্টা ৩২ মিনিট আগে

Top