ঢাকা শহরের রাস্তাঘাট, শপিং মল ঘুরে হতাশ বালু নদীর পাঙ্গাস

৬৭ পঠিত ... ১১ ঘন্টা ২৩ মিনিট আগে

 

 

বালু নদী থেকে বের হয়ে ঢাকা শহরের অলিগলি, রাস্তাঘাট চষে বেড়াচ্ছে মাছের দ্বিতীয় রাজা পাঙ্গাস। মাছেদের সোশ্যাল মিডিয়া ফিশবুকে ঢুঁ মেরে আমরা দেখতে পেরেছি, ঢাকাকে নিয়ে নেগেটিভ স্ট্যাটাস আর রিলে ছয়লাব হয়ে গেছে। ঢাকার রাস্তাঘাট, শপিং মল ঘুরে পাঙ্গাসরা শুধু নিজেরাই হতাশ হয়েছে তা নয়, ভবিষ্যতে এমন জায়গায় যেন আর কেউ না আসে, সেজন্য নেগেটিভ মার্কেটিংও চালাচ্ছে বলে শোনা যাচ্ছে।

ভারী বর্ষা বা দীর্ঘমেয়াদি বৃষ্টিপাত না হলে আসলে মাছেদের ঢাকা শহরে আসার তেমন সৌভাগ্য হয় না। ফিশবুকে ‘ঘুমকাতুরে পাঙ্গাস’ নামে এক আইডি স্ট্যাটাসে লিখেছে, শেষবার আমার দাদার দাদার দাদা ১৯৮৮ সালে ঢাকায় ঘুরতে এসেছিল। দাদুর কাছে ছোটবেলায় শোনা সেই গল্প এখনো আমার মনে আছে। কত বছর পর আমারও ঢাকায় আসার সৌভাগ্য হলো, অথচ আমার নাতি-পুতিদের কাছে গল্প করার মতো কিছুই নেই। রাস্তাঘাটের অবস্থা এত ময়লা যে আমার মনে হচ্ছে, এখানে আসাটাই ভুল হয়েছে।

শুধু ঘুমকাতুরে পাঙ্গাস নয়, হাজারো ফিশবুকার এবার ঢাকায় এসেছে। কারও দাদা, কারও নানা, কারও বাবা ঢাকায় আসার সোনালি সব গল্প করেছিল তাদের। শাহবাগে সাঁতার কাটা, হাতিরঝিলে মানুষ দেখা, সোহরাওয়ার্দী উদ্যানে সন্ধ্যায় আনন্দ উদযাপন, কত কিছুই না করেছেন তারা! অথচ এখন যারা এসেছে, তাদের চোখেমুখে শুধু বিরক্তি আর ফুলকাভরা পচা পানির শ্বাস। ঢাকার মানুষের জন্য মায়াই হচ্ছে তাদের।

ঢাকার নিউমার্কেট, বসুন্ধরা শপিং কমপ্লেক্সসহ বিভিন্ন জায়গায় ফিশটকারদের আনাগোনা দেখা যাচ্ছে। ভরপুর বর্ষায় মানুষ বের হতে না পারলেও এদের বের হতে কোনো মানা নেই। দোকানদারি চলছে বেশ ভালো, কিন্তু হতাশার খবর জানাচ্ছেন অনেকে। তারা যেভাবে কেনাকাটা করতে অভ্যস্ত, সেভাবে কোনো কিছুই কিনতে পারছে না। দোকান খুঁজতেই হিমশিম খাওয়ার মতো অবস্থা, আবার দোকান পেলেও খুব কম প্রোডাক্টই ওয়াটার-রেজিস্ট্যান্ট। এসব কারণে কেনাকাটা করেও খুব বেশি মজা পাচ্ছে না।

ঢাকায় ঘুরতে এসে অনেকে অসুস্থ হয়ে পড়েছে বলেও শোনা যাচ্ছে। ঢাকার পচা পানিতে অনেকের ইনফেকশন ধরা পড়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত আমরা জানতে পেরেছি, ইমার্জেন্সি বিভাগে ১৯ জন পাঙ্গাস ভর্তি হয়েছে। সবাইকে মিনারেল ওয়াটার দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে। হঠাৎ করে এত মিনারেল ওয়াটারের চাহিদায় ঢামেকও বেশ হিমশিম খাচ্ছে।

ঢামেকের এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, এত বৃষ্টির পরও ঢাকার পানিতে যে পরিমাণ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল রয়েছে, সেটার কারণেই এতগুলো পাঙ্গাস অসুস্থ হয়ে গেছে। এসবের কারণে মানুষের কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি জানান, ঢাকাবাসী এসব অনেক আগেই অতিক্রম করে ফেলেছে। ওরা নতুন, তাই এমন হচ্ছে। ঢাকায় নিয়মিত থাকলে কি আর এমন হতো? আপনিই বলেন!

৬৭ পঠিত ... ১১ ঘন্টা ২৩ মিনিট আগে

Top