গুপ্ত সাম্রাজ্য ছাড়লেন সমুদ্রগুপ্ত, করতে চান মেয়র ইলেকশন, ইনসাফ কায়েম করতে চান নগর ব্যবস্থাপনায়

৫৭ পঠিত ... ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে

 

আধুনিক রাজনৈতিক ইতিহাসে নতুন মোড় এনে অবশেষে গুপ্ত সাম্রাজ্যের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন আদি গুপ্ত বংশের রাজা সমুদ্রগুপ্ত। কারণ? সামনে ঢাকা সিটি কর্পোরেশন মেয়র নির্বাচন। আর এই নির্বাচনে অংশ নিয়ে তিনি নাকি ‘নগর ব্যবস্থাপনায় ইনসাফ কায়েম’ করতে চান। রাজপ্রাসাদ সূত্রে জানা গেছে, সম্রাটের পদত্যাগপত্রে মাত্র একটি লাইন ছিল, সাম্রাজ্য পরে দেখা যাবে, আগে ড্রেনেজ। সমুদ্রগুপ্ত এক ফেক ভিডিও বার্তায় বলেন, প্রথমে পরিকল্পনায় ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে যেভাবে নানা গুপ্ত ব্যক্তি জনজীবনে অংশ নিচ্ছেন, তা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। ভাবলাম, সাম্রাজ্য শাসন করেছি অনেক; এবার একটু সিটি কর্পোরেশন সামলাই।

ইতিহাসবিদরা জানিয়েছেন, সমুদ্রগুপ্ত জীবনে বহু রাজ্য জয় করলেও ঢাকা শহরের যানজট জয় করাকে তিনি নিজের ‘শেষ অসমাপ্ত অভিযান’ হিসেবে দেখছেন। তিনি বলেন, অশ্বমেধ যজ্ঞ করেছি, সীমান্ত বিস্তার করেছি, বিদ্রোহ দমন করেছি। কিন্তু মিরপুর থেকে মতিঝিল যেতে দেড় ঘণ্টা লাগলে সম্রাট হওয়া দিয়ে কী হবে? এদিকে সম্রাটের পদত্যাগের পর গুপ্ত সাম্রাজ্যের মন্ত্রিসভায় হালকা অস্থিরতা দেখা দিয়েছে। এক মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা ভেবেছিলাম মহারাজ নতুন কোনো রাজ্য দখলে যাচ্ছেন। পরে শুনি তিনি ওয়ার্ডভিত্তিক গণসংযোগে নামবেন।”

সমুদ্রগুপ্তের নির্বাচনী ইশতেহারের খসড়ায় যেসব প্রতিশ্রুতি পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে:
ঢাকার সব খানা-খন্দকে ‘ঐতিহাসিক জলাধার’ ঘোষণা না করে বাস্তবে মেরামত করা।
যানজট নিরসনে ‘অশ্বারোহী দ্রুতগামী লেন’ চালু করা।
ড্রেন পরিষ্কারে রাজকীয় বাহিনী নিয়োগ।
প্রতিটি ওয়ার্ডে ‘ইনসাফ চত্বর’ স্থাপন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সমুদ্রগুপ্ত ইতোমধ্যে পুরান ঢাকার কয়েকটি এলাকায় সফর করেছেন। সেখানে তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে একবার সুযোগ দিন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি কমপক্ষে রাজধানীকে সাম্রাজ্যের মানচিত্রের মতো সুসংগঠিত করার চেষ্টা করব। এক পথচারী তাকে প্রশ্ন করেন, “মহারাজ, আপনি কি সত্যিই ঢাকা চেনেন? জবাবে তিনি বলেন, “আমি বহু রাজ্য শাসন করেছি। তবে গুগল ম্যাপ আমাকে যেভাবে ঘুরিয়েছে, তেমন অভিজ্ঞতা কোনো যুদ্ধে হয়নি।

সমুদ্রগুপ্তের প্রার্থিতা নিয়ে প্রতিদ্বন্দ্বী শিবিরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, “সাম্রাজ্য চালানো আর সিটি কর্পোরেশন চালানো এক কথা নয়। তবে এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, বাংলাদেশের রাজনীতিতে গুপ্তদের অংশ নেওয়া নতুন কিছু নয়। এই মেয়র ইলেকশনেই তো গুপ্ত সাম্রাজ্যের আরেকজন অংশ নিচ্ছেন। আশা করছি গুপ্তে গুপ্তে হাড্ডাহাড্ডি খেলা হবে। সমুদ্রগুপ্ত তার ভিডিও বার্তার শেষে বলেন, নিজ সাম্রাজ্যের কাজের চাপ থেকে আজাদী পেয়েছি। যদি ঢাকায় ইনসাফ কায়েম করতে পারি, তবে জীবন ধন্য হবে।

৫৭ পঠিত ... ১৫ ঘন্টা ৫৮ মিনিট আগে

Top