ইংল্যান্ডের সঙ্গে হারলে অ্যাওয়ে জার্সিকে দোষ দেওয়ার জন্য প্রস্তুত আর্জেন্টিনা

২১ পঠিত ... ১৭ ঘন্টা ৯ মিনিট আগে

পরপর দুইবার বিশ্বকাপকে চুমু খাওয়ার জন্য যেমন আর্জেন্টিনার খেলোয়াড়রা মুখিয়ে আছেন, তেমনি কোনো বিপদ ঘটলে যেন নিজেদের মান বাঁচাতে পারেন, সেটার জন্যও পরিকল্পনার কোনো কমতি রাখছেন না কেউ। এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচটি সেমিফাইনালে অংশ নিয়ে একবারের জন্যও না হারলেও আর্জেন্টিনা এই পরিসংখ্যান নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে নেই। খেলার মাঠে যেকোনো কিছু যেকোনো সময় হয়ে যেতে পারে। যদি হেরেই যায়, তাহলে দোষটা যাবে অ্যাওয়ে জার্সির ঘাড়ে।

আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রায় বেশ কয়েকটি বড় ম্যাচে নাকি হেরেছে শুধু অ্যাওয়ে জার্সির কারণে। আর্জেন্টাইন গবেষকদের মতে, ১৯৯০ বিশ্বকাপ ফাইনাল, ২০০৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল, ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ও ২০১৪ বিশ্বকাপ ফাইনালের মতো বড় ম্যাচে হারার একমাত্র কারণ ছিল তাদের গাঢ় নীল জার্সি। তাই এবারও যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে এর পেছনের দায়টা নীল জার্সিরই থাকবে।

নিজেরা হারলে যতটা না খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে অন্য কেউ যখন সেই হার নিয়ে কথা শোনায়। আর্জেন্টিনা দলের প্রি-ম্যাচ বৈঠক থেকে ফাঁস হওয়া একটি খবরকে কেন্দ্র করে ফেকনিউজের একটি হেডলাইন অনেকটা এমন— আর্জেন্টিনা সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জানপ্রাণ দিয়ে খেলবে ঠিকই, কিন্তু কোনোভাবে যদি ম্যাচটা হেরে যায়, তাহলে দোষের পুরোটা নিজেরা নেবে না। এজন্য নানা পরিসংখ্যান বের করে দেখানো হবে, কীভাবে বড় বড় ম্যাচে অ্যাওয়ে জার্সির কারণে তাদের হারতে হয়েছে। অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে হারলেও সেটার দায়ভার আসলে অ্যাওয়ে জার্সির হবে।

আর্জেন্টাইন দর্শকরাও এদিকে কিছুটা ভারমুক্ত হতে পারছেন। গত ম্যাচে আর্জেন্টিনার যে অবস্থা হয়েছিল, তাতে সবাই এখন বেশ সতর্ক। বেফাঁস কথাবার্তা বলার সময়ও সচেতন থাকতে হচ্ছে তাদের। জয়ের একেবারে কাছাকাছি এসে যদি দল কোনো ভুলভাল করে বসে, তাহলে ব্রাজিল সমর্থকদের সামনে কথা বলার মতো কোনো জায়গাই থাকবে না। আজকের খেলায় কোনো অঘটন ঘটলে দল যদি দোষ জার্সির ওপর চাপাতে পারে, তাহলে সমর্থকেরা জার্সির পাশাপাশি রেফারি, মাঠ, আবহাওয়া— সবকিছুকেই দোষ দেওয়ার জন্য প্রস্তুত আছেন।

তবে ম্যাচ শেষে সবচেয়ে কঠিন সময়টা কাটাবে আর্জেন্টিনার অ্যাওয়ে জার্সিটাই। জিতলে সেটি হবে ‘লাকি জার্সি’, আর হারলেই ‘অভিশপ্ত কাপড়’। এমনকি ম্যাচের পর জার্সিটিকে ওয়াশিং মেশিনে না পাঠিয়ে সরাসরি তদন্ত কমিটির সামনে হাজির করা হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। ফুটবল বিশ্লেষকদের ধারণা, ইংল্যান্ডের চেয়েও বড় প্রতিপক্ষ এখন নীল জার্সিটাই।

 

২১ পঠিত ... ১৭ ঘন্টা ৯ মিনিট আগে

Top