সেমিফাইনালে হ্যান্ড অব গডের রিক্রিয়েশন চায় আর্জেন্টাইন ফ্যানরা। মেসির নাম পাল্টে মারাদোনা রাখার দাবি

১৯ পঠিত ... ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে

 

সুদীর্ঘ ২৪ বছর পর মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও আর্জেন্টিনা। কিন্তু ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ মানেই মনে পড়ে যায় একটি হাত, একটি দুর্দান্ত গোল, আর একটি নাম—মারাদোনা।

তবে আর্জেন্টিনা এবার যেভাবে ভক্তদের প্রত্যাশা পূরণ করে যাচ্ছে, তাতে এবার ফ্যানরা দাবি তুলেছে সেই অবিস্মরণীয় মুহূর্তটির সিক্যুয়েল-কাম-রিক্রিয়েশনের।

আগামী সেমিফাইনালে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে তারা মারাদোনার মতো মেসির হাতেও বল দেখতে চায়। এক আর্জেন্টাইন সমর্থক উচ্ছ্বসিত হয়ে বলেন, "আমি আবার, আরেকবার তোমাদের হ্যান্ডগোল দেখতে চাই!"

ফ্যানদের একাংশ দাবি করেছে, আগামী ম্যাচে মেসির জার্সিতে নাম যেন 'মারাদোনা' থাকে। তাদের মতে, মেসির উচিত একবেলা 'লাফ মেরে হাত দিয়ে বল মারা'র অনুশীলন করা। এক সমর্থক বলেন, আই অ্যাম সো এক্সাইটেড! মেসির শরীরের সব অঙ্গের গোল দেখেছি, শুধু হাত ছাড়া। সেটা দেখতে পারলে আর জীবনে কিছু চাইব না!

এদিকে, যেহেতু এটি মেসির দ্বিতীয় ও শেষ বিশ্বকাপ, তাই তিনিও নাকি ভিন্ন কিছু করতে চান। তিনি বলেন, চেষ্টা করে যাচ্ছি নিজেকে নিজেই ছাড়িয়ে যাওয়ার। কার কাঁধে লাফ দিয়ে হাত দিয়ে গোলটা করব, সেটা নিয়ে চুক্তি... সরি, আলোচনা চলছে। ফিফার সঙ্গেও কথা হয়েছে। সবকিছুই পজিটিভ। আশা করি, মারাদোনার এই রেকর্ডটাও আমি ভেঙে ফেলতে পারব।

ইংল্যান্ডের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অবশ্য আর্জেন্টাইন সমর্থকদের ধারণা, তারা আপাতত লাল কার্ডের দুশ্চিন্তাতেই ভুগছে।

১৯ পঠিত ... ১৭ ঘন্টা ২৩ মিনিট আগে

Top