বিশ্বকাপের আসর শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই চারদিকে ব্রাজিল-আর্জেন্টিনা উন্মাদনা শুরু হয়ে গেছে। আজীবনের প্রতিদ্বন্দ্বী এই দুই দলের সমর্থকেরা নানারকম কর্মকাণ্ড চালাচ্ছেন। তার আঁচ লাগছে রাস্তাঘাটে, চায়ের দোকানে, মাঠে, ঘাটে, খাটে—সবখানেই। এমনই এক মুহূর্তে আমরা খবর পেলাম, আর্জেন্টিনা-ব্রাজিল ইস্যুতে দীর্ঘদিনের এক প্রেমের সম্পর্ক ভেঙে গেছে।
ঘটনাটি ঘটেছে মিরপুর-১০-এর ৩৭৩ নম্বর পিলারের পাশে। কাসেম ছোটবেলা থেকেই সেলেসাওদের অন্ধ ভক্ত। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতি তার ভালোবাসা এতটাই বেশি যে, ব্রাজিলের ম্যাচ থাকলে তিনি নাওয়া-খাওয়া পর্যন্ত ভুলে যান। তার প্রেমিকার নাম ‘টিনা’। এতদিন এই নাম নিয়ে কোনো সমস্যা না হলেও, বিশ্বকাপের হাওয়া লাগতেই তিনি টের পান, গার্লফ্রেন্ডকে ডাকতে গেলেই যেন ‘আর্জেন্টিনা’ নাম নেওয়ার মতো অনুভূতি হচ্ছে।
এ ব্যাপারে আমাদের সঙ্গে এক ফেক ফোনকলে তিনি বলেন, ভাই দেখেন, আমি ব্রাজিলকে জন্মের পর থেকেই ভালোবাসি। এখন আমি যদি সারাদিন ‘টিনা’, ‘টিনা’ করি, তাহলে তো একভাবে আর্জেন্টিনার নামই নেওয়া হচ্ছে। আমার মন এটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। গার্লফ্রেন্ডের নাম চেঞ্জ করা সম্ভব না, তাই বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিতে হলো। তবে এতে আমার কোনো দুঃখ নেই! আমি শুধু ব্রাজিলকেই ভালোবাসি।
এ ব্যাপারে তার জিএফের সঙ্গে কথা হলে তিনি অত্যন্ত দুঃখভরা গলায় বলেন, আমি তো আর্জেন্টিনা সাপোর্টও করি না। বাবা-মা নাম রাখলে এখানে আমার কী করার আছে! কাসেমকে ছাড়া আমি এখন বাঁচব কীভাবে?


