নিরপরাধ ছাত্রলীগ নেতাকর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবে, সম্প্রতি এমন খবর চাউর হওয়ার পর খুশিতে আত্মহারা হয়ে গেছেন ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনা।
নিজেকে মাসুম মানবী দাবি করে তিনি বলেন, আমি কি অপরাধী? কী অপরাধ আমার!
এনসিপির ভূয়সী প্রশংসা করে এক ভুয়া বার্তায় তিনি বলেন, ওরা ঠিক চিনেছে, কাদের দলে নেওয়া উচিত! শুধু আমি না, আমার দলের প্রায় প্রতিটি সদস্যই মাসুম! আমাদের আর বলার সুযোগ নেই, ভালো হয়ে যাও, মাসুম!
হঠাৎ কী মনে করে খানিক হেসে তিনি বলেন, দেখছি তো, আমি চলে যাওয়ার পর দেশে কেউ কোনো নতুন রেসিপি দিতে পারেনি, না পেরেছে দিতে ক্যান্ডিড ছবি। আঃ! আমি এটুকু নিশ্চয়তা দিচ্ছি, এনসিপিতে যোগ দিলে শাপলা ফুল আর কলির এমন ইউনিক ইউনিক রেসিপি দেব যে মাস্টারশেফ অস্ট্রেলিয়ার কিশোয়ারও তব্দা খেয়ে যেতে বাধ্য হবে। এনসিপি থাকবে টক অব দ্য টাউনে।
নিজের জন্য NOC (No Objection Certificate) রেডি রাখা হয়েছে উল্লেখ করে হাসিনা জানান, শুধু একবার, একবার আমায় ডেকে দেখো, নিয়ে দেখো, ভালো লাগবে।
শেখ হাসিনার দলে জায়গা পাওয়ার প্রসঙ্গে এনসিপির কাছে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এক সদস্য ফিসফিস করে ‘মিছেমিছি’ জানায়, ক্ষমতার জন্য আমরা যেকোনো মাসুম কাজ করতে প্রস্তুত। সকল নিরপরাধ অত্যাচারীদের জন্য আমরা নিবেদিত প্রাণ। তাদের ভালোবেসে ঠিক করে দেবো।


