প্ল্যানচেটে জিয়াউর রহমানের সাথে সাক্ষাত করেছেন ভাসানী, হাতে তুলে দিয়েছেন ধানের শীষ

৬৭ পঠিত ... ১০ ঘন্টা ২৬ মিনিট আগে

গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের একটি সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম। এই কথার পর চারিদিকে এটি নিয়ে খুব কথা হচ্ছে। কারণ ভাসানীর মৃত্যুসাল ১৯৭৬ সাল। তাহলে মৃত্যুর তিন বছর পর এসে তিনি কীভাবে জিয়াউর রহমানের সাথে কথা বললেন তাই নিয়ে উত্তাল বাংলাদেশের নেটিজেনরা। 

কিন্তু একটি বিশ্বাস করে পশ্চিম দিকে ফিরা কইতাছি সূত্র থেকে আমরা জানতে পেরেছি এই দাবীটি মিথ্যা নয়। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের সাথে ভাসানীর দেখা হয়েছিল, প্ল্যানচেটের মাধ্যমে। অত্যন্ত গোপন এ মহাজাগতিক মিটিং এই মূলত ধানের শীষ জিয়াউর রহমানের হাতে তুলে দেন মাওলানা ভাসানী। সেই থেকেই মূলত বিএনপি ধানের শীষের লিগ্যাসি ধারণ করছে নিজেদের মাঝে। 

তবে এখানেই শেষ না। সূত্রটি আরও জানিয়েছে, সেই প্ল্যানচেট সভায় নাকি শুধু মাওলানা ভাসানী আর জিয়াউর রহমান-ই ছিলেন না, বরং আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন যারা দেশের ভবিষ্যৎ নিয়ে তুমুল আলোচনা করেন। সভা শেষে নাকি সিদ্ধান্ত হয়, রাজনীতি যেহেতু জীবিতদের হাতে নিরাপদ না, মাঝে মাঝে প্ল্যানচেটে তারা এসে গাইডলাইন দিয়ে যাবে। তবে এই সভার সবকিছু এখনও প্রকাশ করা হয়নি। আমরা আশা করছি ভবিষ্যতে এই সভার আরও তথ্য আস্তে আস্তে জানতে পারব।

৬৭ পঠিত ... ১০ ঘন্টা ২৬ মিনিট আগে

Top