সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে মশা নিধনে একত্রে কাজ করতে চায় মশা

১৩ পঠিত ... ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে

মশা নিধনে সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের একত্রে কাজ করার খবর চাউর হতেই শোনা যাচ্ছে মশার বৃদ্ধি রোধে এই কর্মসূচিতে সানন্দে যোগ দিতে চায় খোদ মশা নিজেরাই।
জাতীয় মশা সোসাইটি (জামসো), তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ঊঁঊঁ’ থেকে এই ভুয়ো তথ্য নিশ্চিত করেছে এক সিনিয়র মশা। তারা সরকারের এবারের নিধন কার্যক্রমের প্রতিপাদ্য দিয়েছে, গান গেয়ে তবু পাশে রইবো!

জামসোর সিনিয়র সহ-সভাপতি মশা বলে, প্রতিবছর এই সময়টার জন্য আমরা অপেক্ষা করি। কী সুন্দর মেশিন নিয়ে লোকজন আসে, হলিউড হলিউড ফিল পাই।

এই কথার রেশ ধরেই এক জুনিয়র মশা হাসতে হাসতে বলে, বস, গতবছর মেশিন হাতের পোলাটার পিছু পিছু গেসিলাম কী করে দেখার জন্য। ওরে ধোঁয়া, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগতেছিল। গার্লফ্রেন্ড নিয়া দুইটা চক্কর দিলাম ধোঁয়ার মধ্যে। একটু পর দেখি শোরগোল, ছেলেটা অজ্ঞান হইয়া গেছে, মাস্ক পড়ে নাই তাই। হা হা হা, এটাই বাস্তব!

মশারা কেন মশা নিধন কার্যক্রমের অংশ হতে চায়—এমন প্রশ্নের জবাবে আরেক সিনিয়র মশা জানায়, ‘দেখেন ভাই, আমাদের জীবনে ফ্যান্টাসি বলে তো তেমন কিছুই নেই, না আছে কোনো পার্ক! বিনোদন বলতে ওই বাৎসরিক ধোঁয়া। আমরা নিজেদের একটা ব্যাটেলিয়ন তৈরি করেছি, ‘স্পেশাল টাস্ক ফোর্স’। প্রতিবছর সরকার আমাদের নিধন কর্মসূচি হাতে নেয়, কিন্তু বরাবরই কিছু করতে পারে না। মানুষগুলোর জন্য মায়া হয়। তাই আমরা এবার ঠিক করেছি মানুষের কানে, গায়ে বসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। ধোঁয়ায় কেউ অজ্ঞান হয়ে গেলে আমাদের ব্যাটেলিয়ন তাকে গার্ড দিয়ে রাখবে এলাকার পাতি মশাদের কামড় হতে। ওই সময় আমরা রাগ-প্রধান সংগীত দিয়ে তাকে বিনোদিত করবো যাতে সে দ্রুত সুস্থ হয়ে উঠে আবার ধোঁয়া ছাড়তে পারে। মশা হলেও আমাদের মধ্যে মনুষ্যত্ব মরে যায়নি চৌধুরী সাহেব, মশারাও মানুষ। আমরা নিজেদের ওই ধোঁয়ায় অভিযোজন করে ফেলেছি কিন্তু বেচারা মানুষ পারেনি।

এবার আমরা মানুষদের পাশে থাকবো, শত হলেও তারাই তো আমাদের আপনজন।

সরকারের মশা নিধন টিমের সাথে আমাদের বিশেষ টিম সার্বক্ষণিক যোগাযোগ রাখবে যাতে অভিযানে গেলে সেখানকার লোকাল মশারা তাদের উত্ত্যক্ত না করতে পারে, যাতে তারা একটু সানন্দে কাজ করতে পারে। দেশের সচেতন মশা হিসেবে এত এত রক্তের প্রতিদানে এটুকু তো করাই যায়।

১৩ পঠিত ... ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে

Top