সম্প্রতি হাফপ্যান্ট পরার কারণে হ্যারাসমেন্টের শিকার হয়েছেন লালমাটিয়ার এক কিশোর। মুলত কিশোরের হাঁটু দেখা যাওয়াকে রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করেই এমনটা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় মোরাল পুলিশরা। এ ব্যাপারে ঐ কিশোরকে হ্যারাস করা মোরাল পুলিশরা বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তার পাশাপাশি ‘কে কী খাবে’, ‘কে কী পড়বে’ তা আমরাই ঠিক করে দেব। আর মানুষজনকে সেটা মানতে হবে, বলতে পারেন এসব আমাদের জমিদারি।
এবার তাই ক্রিস্টিয়ানো রোনালদোকে ফুলপ্যান্ট পরে ফুটবল খেলার পরামর্শ দিয়েছেন লালমাটিয়াবাসী। স্থানীয়দের দাবি, রোনালদো যেভাবে প্রতিদিন শর্টস পরে বিশ্বজুড়ে দৌড়াদৌড়ি করছেন, তাতে লালমাটিয়ায় এলে বড় ধরনের ‘নৈতিক ভূমিকম্প’ হওয়ার আশঙ্কা আছে। তাই আগাম সতর্কতা হিসেবে তাকে ফুলপ্যান্ট পরে ফুটবল খেলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ট্র্যাকসুট, শাল-চাদর বা লুঙ্গির কথাও বিবেচনায় রাখা যেতে পারে। শুধু হাঁটু ঢাকা থাকতে হবে। রোনালদোকে কেন আলাদা করে টার্গেট করা হচ্ছে জানতে চাইলে এক আবেগপ্রবণ লালমাটিয়া-নিবাসী রোনালদোভক্ত বলেন, দেখেন ভাই, আমরা ওনার ভালো চাই। উনি তো আমাদের রোনালদো ভাই। চাই না উনিও সেই কিশোরের মতো অপ্রয়োজনীয় নৈতিক জ্ঞান বিতরণের শিকার হোক। তাই আগেই বলে দিচ্ছি ফুলপ্যান্টে খেলবেন, শান্তিতে থাকবেন।
বিষয়টি জানার পর অবশ্য রোনালদো নিজের ফেক টুইটার অ্যাকাউন্ট থেকে, আর যাবো না লালমাটিয়াতে, ও ললিতে আর যাবো না লালমাটিয়াতে। ধইরা নিয়া খুইলা দিবে হাফপ্যান্ট গেলে গলিতে, আর যাবো না লালমাটিয়াতে’ গানটি গেয়ে পোস্ট করেন। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। কেউ কেউ অবশ্য বলছেন, পরের ব্যালন ডি’অর আসলে লালমাটিয়ার মোরাল পুলিশেরই পাওয়া উচিত। কেউ আবার প্রস্তাব দিচ্ছেন, ফিফার নতুন ড্রেস কোডে ‘লালমাটিয়া স্ট্যান্ডার্ড’ যুক্ত করার।


