লঞ্চ হলো Benjir Ahmed's New Clothing Of Bangladesh (BANCOD), আতংকে অন্য ব্র্যান্ডগুলো

২৮৬ পঠিত ... ১৭:২৯, জুলাই ২৪, ২০২৫

পুলিশি জীবনের অবসান ঘটিয়ে এবার ফ্যাশন জগতে প্রবেশ করলেন দেশ থেকে পলাতক সাবেক আইজিপি বেনজির আহমেদ। ঢাকায় তার বাসায় ‘হঠাৎ’ পাওয়া হাজারখানেক কাপড়চোপড় নিয়ে নেটদুনিয়ায় যখন ঝড় উঠেছে, ঠিক তখনই বেনজির জানান দিয়েছেন—তিনি আসলে তার নতুন পোশাক ব্র্যান্ড Benjir Ahmed's New Clothing Of Bangladesh (BANCOD) লঞ্চ করতে যাচ্ছেন।

পোশাকগুলোর এতদিন ফ্ল্যাটে থাকার কারণ জানতে চাইলে বেনজির বলেন, আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে আমার প্রতিযোগিরা আগেই আমার কালেকশন কপি করে ফেলুক। এজন্যই স্টকটা গোপন রেখেছিলাম। ওটা ছিল আমার প্রি-লঞ্চ সিক্রেট স্টোর। তবে সবচেয়ে আলোড়ন তুলেছে বেনজির আহমেদের এক ঘোষণা। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমার ব্র্যান্ড আন্ডারওয়্যার বা ইনারওয়্যার বিক্রি করবে না। যতই ইনডিমান্ড থাক, আমরা নিচের দিকে নামব না।

বাজার বিশ্লেষকরা বলছেন, BANCOD-এর লঞ্চ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য ‘বাহুবলী ৩’ টাইপের ধাক্কা। ইতিমধ্যেই দেশের নামকরা ব্র্যান্ডগুলোর মধ্যে কেউ কেউ নিজেদের ফেসবুক পেইজ থেকে ‘ব্যবসায় লালবাত্তি’ কিংবা ‘ডরে আমার শরীর কাঁপতাছে’ টাইপের মিম পোস্ট করে পরে আবার সমস্যা হওয়ার ভয়ে ডিলিট করে দিয়েছে। বেনজির অবশ্য জানিয়েছেন তিনি এখন ভালো হয়ে গিয়েছেন, আগের মতো অন্যদের ব্যবসা বাণিজ্য দখলের চিন্তা তার নেই। দেশের বাইরে থেকেই দেশে সৎভাবে ব্যবসা পরিচালনা করে দেশের টাকা বিদেশে পাচার করাই তার বাকি জীবনের লক্ষ্য।

২৮৬ পঠিত ... ১৭:২৯, জুলাই ২৪, ২০২৫

Top