কার্ডের ফুলঝুরি, বিএনপিতে যোগ দিতে পারেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

১০৪ পঠিত ... ১৭:২৯, জুলাই ০৮, ২০২৬

 

গত ৭ তারিখ আর্জেন্টিনা-মিশর ম্যাচে ঘটে গেছে এক বিস্ময়কর ঘটনা। ফ্রান্স থেকে আগত ম্যাচের দায়িত্বপ্রাপ্ত রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ম্যাচে কার্ডের বন্যা বইয়ে দিয়েছিলেন। ম্যাচে তিনি ৫টি হলুদ ও ১টি লাল, মোট ৬টি কার্ড দেখিয়েছেন।

এ ব্যাপারে অনেক খোশামুদি করে আমরা দ্বারস্থ হতে পেরেছিলাম রেফারির ইমো (IMO) নম্বরে। জানতে চেয়েছিলাম, কেন শুধু মিশরের বিপক্ষেই কার্ড দিলেন, আর্জেন্টিনার বিপক্ষে কেন নয়?

রেফারি বললেন, "এর উত্তর জানতে হলে আপনাকে অতীতের দিকে ফিরে তাকাতে হবে।"

প্রতিনিধি পিছনে অনেকক্ষণ তাকিয়েও কোনো উত্তর না পেয়ে পুনরায় জিজ্ঞাসা করলে তিনি ফোনেই ‘ফাউল’ লিখে একটি হলুদ কার্ডের ছবি পাঠিয়ে বললেন, "আরে বেকুব, আমি আমার অতীতের কথা বলেছি।

আমার সব প্রেমই ছিল একপাক্ষিক, কখনো দ্বিপাক্ষিক হয়নি। তাই কার্ড দিলে আমি যেকোনো একটা দলকেই দিই।

তাছাড়া…"

— তাছাড়া?

একটু দম নিয়ে ভুয়ো স্টেটমেন্টে তিনি বললেন, "নিরপেক্ষভাবে কার্ড দিলে দল করা যায় না।

আমি একটা দলের হয়ে কাজ করতে পছন্দ করি, সেটা গত ম্যাচেই আপনারা দেখেছেন। খুব শিগগিরই বিএনপিতে যোগ দিতে পারি। শুনেছি, তারা আমার চেয়েও বেশি কার্ড দিয়েছে। দলে যোগ দিলে ‘রেফারি কার্ড’ চালু করব, যাতে সব ম্যাচে আর্জেন্টিনার পক্ষে থাকতে পারি।"

এমন খবরে খুশি হয়েছেন বিশ্বব্যাপী আর্জেন্টিনা সমর্থকরাও। তাঁদের একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখলেন, "¡Qué divertido, che! (কী মজা, বন্ধু)। লেতেক্সিয়ে বিএনপিতে যোগ দিলে দারুণ হবে! আমরা চাই, সে তখন অন্য ম্যাচেও নিজের পছন্দমতো খেলোয়াড়দের কার্ড দিতে পারবে।"

শেষ খবর পাওয়া পর্যন্ত শোনা গেছে, কার্ড নিয়ে দলের একটা মানসম্মত জায়গায় পৌঁছাতে ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে মাঠ থেকে বের হয়ে রিকশা, অটো, সিএনজি, টেসলা, এমনকি ভ্যানেও সবাইকে কার্ড দেখিয়ে যাচ্ছেন। তাঁর সংস্পর্শে আসা সবাই চোখে সরিষা-সবুজ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না।

 

১০৪ পঠিত ... ১৭:২৯, জুলাই ০৮, ২০২৬

Top