খবরের শিরোনামে আসাটাই যেন বারেক জিয়ার প্রিয় শখ। কোনোদিন তিনি খবরের শিরোনামে চলে আসেন হেটে হেটে অফিস করে, কোনোদিন আসেন ঝালমুড়ি খাওয়ার জন্য স্পেশাল কিছু কার্ড সাপ্লাই দিয়ে, তবে আজকের শিরোনামে আসাটা একেবারেই ভিন্ন একটা কারনে। নিজের কাঁধে ব্যাগ নিয়ে অফিসে আসাতে দেশের মানুষজন চমকে গেছে, আলোচনা সমালোচনা ছাপিয়ে বারেক জিয়া পৌছে গেছেন এক অনন্য উচ্চতায়। তাকে টেক্কা দিতে হলে পরবর্তীতে নিজের হাতে খাওয়া ছাড়া অন্য কোনো কিছু করেই খবরে আসতে পারবে না কেউ।
সকাল সকাল বারেক জিয়াকে ব্রিফকেসের মতো দেখতে হাতল আর ধাতব ক্লিপ ওয়ালা বাদামি রঙের শক্ত একটা বক্স নিয়ে আসতে দেখতে পেয়েছেন সবাই। কি আছে এতে জিজ্ঞেস করায় মুচকি হেসেছেন শুধু। মুখ দিয়ে একটা কথাও বলেননি। তবে অফিসের কিছু কর্মকর্তার বরাত দিয়ে গুজব টিভি সংবাদ প্রকাশ করেছে, অবশেষে নিজের কাঁধে নিজের প্ল্যানগুলো নিয়ে অফিসে ঢুকলেন বারেক জিয়া। বিস্তারিত জিজ্ঞেস করায় মুচকি হাসলেও আমাদের হাসি বিশেষজ্ঞ এর পেছনে গভীর সব অর্থ খুঁজে পেয়েছে। আমরা খুব শীঘ্রই এসব জাতির সামনে তুলে ধরব।
বাংলাদেশ বেসরকারের সিইওর নিজের কাজ নিয়ে করা নিয়ে অনেকেই খুব বেশি খুশি হতে পারছেন না। তার নিজ ব্যাগ নিজে নিয়ে যাওয়ার ঘটনায় বেশ চমকে গেছেন বিভিন্ন বেসরকারী অফিসের বসেরা। একজন মন্তব্য করেছেন, ২০২৬ সালে এসে অফিসের উচ্চ পদস্থ কোনো ব্যক্তি যদি নিজের ব্যাগ নিজে ক্যারি করে তাহলে বুঝতে হবে লোকটা আসলে কাউকে বিশ্বস করে না। আপনি যদি অফিসের সিইও হোন তাহলে আপনার ব্যাগ সামাল করার করার জন্য নিদেন পক্ষে ৩ জন মানুষ থাকা উচিত, একজন বাসায় ব্যাগ গুছিয়ে দেবেন, একজন গাড়িতে তুলে দিবেন আরেকজন গাড়ি থেকে অফিসে নিয়ে যাবেন। আর তিনি কিনা নিজের ব্যাগ নিজেই নিয়ে যাচ্ছেন। আমার তো মনে হচ্ছে দেশ পেছনের দিকে চলে যাচ্ছে।
ক্লাস ফোরে পড়ুয়া রিফাত তার বাবাকে জানিয়েছে বারেক জিয়ার মত ব্যাগ না কিনে দিলে সে আর স্কুলে যাবে না। রিফাত ও তার বন্ধুরা প্ল্যান করে ফেলেছে তারা সবাই মিলে বারেক জিয়া ব্যাগ নিয়েই স্কুলে যাবে। যতদিন সবার ব্যাগ কেনা হবে না ততদিন স্কুলে যাওয়া বন্ধ। এসব নিয়ে রিফাতের বাবার সাথে eআরকি টিম কথা বলতে ফোন করলে তিনি জানান, রিফাতের বন্ধু ইকরার বাবার সাথে তিনি বারেক জিয়া ব্যাগ কিনতে বের হয়েছেন। ব্যাগ কেনার আগ পর্যন্ত কারো কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না তিনি।
বাংলাদেশে পাটের ব্যাগ আছে, চায়না ব্যাগ আছে, আছে দামি ব্যাগ, আছে প্লাস্টিকের সস্তা ব্যাগ। কিন্তু বারেক জিয়া ব্যাগের যে ট্রেন্ড শুরু হয়েছে সেটা একেবারেই নতুন। সঙবাদটি লিখতে লিখতে খবর পেলাম ব্যালেন্সিয়াগা বারেক জিয়ার ব্যাগের ক্লোন করে বিশ্বব্যাপি বিক্রির জন্য প্রোডাকশনে দিয়ে দিয়েছে। এরমধ্যে লুই ভুইতন ও নিজেদের ক্লোন বের করতে চলছে। দুনিয়াতে একটা মানুষ, একটা ব্যাগ আর নিজে কাঁধে করে ব্যাগ নিয়ে যাওয়ার মত কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা জানার জন্য চীন পরিব্রাজক হিউয়েন সাং-এর ডায়েরি খুঁজে দেখছি আমরা। যদি খুঁজে না পাই তাহলে বুঝতে হবে ঘটনাটা দুনিয়াতে আজকেই প্রথম ঘটেছে।


