তেলের জন্য তামিম ভাইয়ের বাসার বাইরে বাইকের লাইন

পঠিত ... ২ ঘন্টা ১৭ মিনিট আগে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট তামিম ইকবালের রাজধানীর বাসভবনের সামনে আজ ভোর থেকে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়েছে। তবে এই ভিড় অটোগ্রাফ বা সেলফির জন্য নয়, বরং পেট্রোল ও অকটেনের আশায়। গত কাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি গুজবের পর হাজার হাজার মোটরসাইকেল চালক তামিমের বাসার সামনে অবস্থান নিয়েছেন। 

সম্প্রতি তামিম ইকবাল বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পর নেটিজেনদের একাংশ মন্তব্য করেছিলেন, তিনি তেল দিয়ে বা তেলবাজি করে এই পদে এসেছেন। একদল বাইকার দাবি করছেন, প্রেসিডেন্ট সাহেবের কাছে যদি এতই তেল থাকে যে সেটা দিয়ে বিসিবি দখল করা যায়, তবে সেই তেলের কিছু অংশ সাধারণ জনগণের মধ্যেও বণ্টন করা উচিত।

আজ সকালে বনানী এলাকায় গিয়ে দেখা যায়, তেলের পাম্পগুলো ফাঁকা থাকলেও তামিম ইকবালের বাসার সামনের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়েছে। হাতে হোস পাইপ এবং তেলের জার নিয়ে দাঁড়িয়ে থাকা এক বাইকার ক্ষোভের সাথে বলেন: 

ভাই, বাজারে ডিজেল নাই, অকটেন নাই। আর ফেসবুক খুললেই দেখি লোকে বলছে তামিম ভাই নাকি তেল মেরে প্রেসিডেন্ট হইছেন। উনার কাছে নিশ্চয়ই তেলের গোপন কোনো স্টক আছে। বিসিবিতে যদি তেল দিতে পারেন, আমাদের বাইকে দুই লিটার দিতে উনার সমস্যা কোথায়?

লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক ট্রাক চালক আবার একটু ভিন্ন ব্যাখ্যা দিলেন। তার মতে, ১১ সদস্যের এই অ্যাডহক কমিটিতে যেহেতু প্রভাবশালী মন্ত্রীদের সন্তান ও স্বজনরা রয়েছেন, তাই এই কমিটির কাছে থাকা পাওয়ারফুল তেলের মান অনেক উন্নত। তিনি বলেন, ইব্রাহিম সাহেব বা মির্জা আব্বাসের ছেলের হাতে যে হাই-অকটেন তেল আছে, সেটা দিয়ে গাড়ি চালালে নাকি বোরো মৌসুমের সেচ এক দিনেই শেষ করা সম্ভব!

বাসার বাইরে এমন পরিস্থিতি দেখে ব্যালকনি থেকে তামিম ইকবাল সবাইকে শান্ত হওয়ার অনুরোধ জানান। তিনি চিৎকার করে বলেন, ভাই, আমি ক্রিকেটের উন্নয়নের জন্য আসছি, পেট্রোল পাম্প খুলতে না। কিন্তু ভিড়ের মধ্য থেকে কেউ একজন বলে ওঠেন, অধিনায়ক, ৩ মাসের জন্য আসছেন, অন্তত এই কয়দিন আমাদের ট্যাংকটা ফুল করে দেন!

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পুলিশের গাড়িতেও তেল কম থাকায় তারা আপাতত তামিম ইকবালের বাসার সামনেই তেলের জন্য অপেক্ষা করছেন বলে জানা গেছে।

পঠিত ... ২ ঘন্টা ১৭ মিনিট আগে

Top