স্বপ্নের ডেটা লিকস্বামীর কাছে ৫ কেজি বাড়তি সয়াবিন তেলের হিসাব চাইলেন স্ত্রী

৮৫ পঠিত ... ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে

সকালে অফিসে এসে আবিষ্কার করলাম, স্বপ্নের ডেটা লিক হয়েছে। ফোন নম্বর দিলেই দেখা যাচ্ছে, তারা কবে কী কিনেছেন। চারদিকে এই নিয়ে তোলপাড়ের মাঝে একটি ফেক ভিডিওতে দেখলাম, একজন স্ত্রী তার স্বামীর ওপর বেশ রেগে গিয়ে লাইভে চিৎকার-চেঁচামেচি করছেন।

তার সঙ্গে আমাদের প্রতিনিধি একটি ফেক ফোনকলে দ্রুত যোগাযোগ করলে তিনি জানান, স্বপ্নের লিক হওয়া ডেটা চেক করার ওয়েবসাইটে তার স্বামীর ফোন নম্বর দিয়ে চেক করলে তিনি কিছু ডেটা দেখে অবাক হয়ে যান। ভালো করে খেয়াল করে তিনি দেখতে পান, ঈদের আগের দিন, অর্থাৎ গত ২০ তারিখে ঈদের বাজারে তার স্বামী ৫ কেজি করে ২টি সয়াবিন তেলের ক্যান কিনেছেন। কিন্তু বাসায় এসেছে মাত্র একটি ৫ কেজির ক্যান।

স্বামীকে জিজ্ঞেস করলে সে বলেছে, বিশ্বাস করো, আমার আরেকটা সংসার নাই! আমি একটাই ৫ কেজির ক্যান এনেছি। স্বপ্নের হিসাবে ভুল হয়েছে। কিন্তু এ কথা আমি মানি না! নিশ্চয়ই ও কোথাও কিছু করছে, আমাকে লুকিয়ে!

তিনি আমাদেরকে রাগান্বিত কণ্ঠে আরও জানান, স্বপ্নের ভুল হতেই পারে না! এই লোক আরেকটা ৫ কেজি সয়াবিন তেলের ক্যানের হিসাব না দিলে এবার রাস্তায় নামব, তার বিচার চাইতে সরকারের কাছে যাব। এই ৫ কেজি তেলের হিসাব আমার চাই-ই চাই! দরকার হলে ট্রাম্পকে ডেকে আনব আন্তর্জাতিক সহযোগিতার জন্য!

এদিকে আমরা তার স্বামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি কাঁদো-কাঁদো স্বরে আমাদের জানান, আমি একটিই তেলের ক্যান নিয়েছিলাম, ভাই। জানি না কেন স্বপ্নের ডেটাবেসে দুটো দেখাচ্ছে। আমি কিছু করিনি, এগুলো নিজে নিজেই হয়ে গেছে!

৮৫ পঠিত ... ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে

Top