তারেক রহমানের হাত থেকে মুক্তি চায় শনিবার

৯৩৬ পঠিত ... ১৮:৫৭, মার্চ ০১, ২০২৬

দায়িত্ব নেওয়ার পর থেকেই সবসময় সময়মতো অফিসে উপস্থিত হন তারেক রহমান। শুধু তাই নয়, শনিবারের ছুটিও তিনি নেন না। তারেক রহমানের এমন ডেডিকেশন দেখে অনেকে খুশি হলেও বিপাকে পড়েছে শনিবার।

আমরা এ খবর পেয়ে সাক্ষাৎকার নিতে শনিবারের কাছে গেলে দেখতে পেলাম সে হাপুস নয়নে কাঁদছে। আমরা কী হয়েছে প্রশ্ন করতেই কাঁদতে কাঁদতে উত্তর দিল, আগে আমার একটা দাম ছিল। আমার ছুটি সাধারণত সরকারি চাকরি আর নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান ছাড়া পেত না। আমিও বেশ আরামে দিন কাটাতাম কাজের ঝামেলা নেই, মানুষের চাপ নেই, বায়ুদূষণ কম, গাড়ির হর্ন কম। একটু রিল্যাক্সে থাকতাম, মাঝে মাঝে শুক্রবারের সাথে ঘুরতেও যেতাম। এখন তারেক রহমান এসে শনিবারেও অফিস করছেন। সাথে তার অফিসের সবাই আসা শুরু করেছেন। আমার ছুটির শান্তিও চলে গেছে। এখন ভয় হচ্ছে না জানি কবে আমার ছুটির দিনটা আর ছুটি থাকবে না বলে ঘোষণা করে দেন তিনি!

আমরা তার সাথে দুঃখ প্রকাশ করে জিজ্ঞেস করলাম এখন সে কী চায়? শনিবার আমাদেরকে ভেজা গলায় বলল, ভাই আমি তারেক রহমানের হাত থেকে মুক্তি চাই। আমি আমার নীরব ছুটির শান্তির দিন ফেরত চাই। প্লিজ আমাকে আমার ছুটির দিন ফেরত দিন!

৯৩৬ পঠিত ... ১৮:৫৭, মার্চ ০১, ২০২৬

Top