হুট করে দেশজুড়ে গুঞ্জন, দেশের বর্তমান তথ্য প্রযুক্তি মন্ত্রী নাকি টাইম মেশিনে চেপে সোজা নব্বইয়ের দশকে চলে গেছেন। প্রথমে অনেকে ভেবেছিল এটা কোনো নতুন স্টার্টআপ আইডিয়া। কিন্তু না, ঘটনা সিরিয়াস। কারণ সম্প্রতি তিনি গম্ভীর মুখে ঘোষণা দিয়েছেন, আমরা ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই।
এই বক্তব্য শুনেই সাধারণ মানুষদের অনেকেই প্রথমে ভেবেছেন তিনি হয়তো নেটওয়ার্ক আপগ্রেডের কথা বলছেন। কিন্তু পরে বোঝা গেল, তিনি আসলে এমন এক সময় থেকে কথা বলছেন, যখন মানুষ ডায়াল আপের শব্দ শুনে প্রেমে পড়ত, আর ইন্টারনেট মানেই ছিল সাইবার ক্যাফে।
মন্ত্রী মহোদয়ের বক্তব্য ভাইরাল হওয়ার পর বিশেষ গোয়েন্দা সংস্থা তদন্তে নামে। কয়েকদিনের গোপন নজরদারির পর তারা আবিষ্কার করে, মন্ত্রণালয়ের পেছনের গ্যারেজে রাখা আছে এক অদ্ভুত যন্ত্র। বাইরে লেখা ‘Time Machine (Made in Gazipur)’। এক গোয়েন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, স্যারকে আমরা শেষ দেখেছি ২০২৬ সালে। এরপর হঠাৎ তিনি ১৯৯৮ সালের মতো ভাষণ দিতে শুরু করেন। তখনই সন্দেহ হয়।
শোনা যাচ্ছে, মন্ত্রী সাহেব এবার টাইম মেশিনে করে ২০০৫ সালে যাবেন, যখন ব্রডব্যান্ড সংযোগ ছিল এলিটদের প্রতীক। ধারণা করা হচ্ছে, সেখানে গিয়ে তিনি হয়তো দেশে থ্রিজি আনার ঘোষণা দেবেন। এদিকে জনগণ দাবি তুলেছে, মন্ত্রী সাহেবের কাছে টাইম মেশিন যদি সত্যিই থাকে, তাহলে সেটি একটু অর্থমন্ত্রীকে ধার দিয়ে ২০১০ সালের ডলারের রেট ফিরিয়ে নিয়ে আসতে সহায়তা করতে।


